মমতার পায়ের চোট নিয়ে শুভেন্দুর দাবি, ‘নো ফ্র্যাকচার’ রিপোর্ট আমার কাছে আছে

-

সাদিকুল খান, কলকাতাঃ ২০২১ সালের নন্দীগ্রাম এবং ২০২৬ সালের ভবানীপুর—পরপর দুই বিধানসভা নির্বাচনে দুই কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। পাঁচ মাস আগে হওয়া বিধানসভা নির্বাচনে দুই কেন্দ্র থেকেই জয় পান তিনি। এরপর ভবানীপুর আসনটি রেখে ২০১৬ সাল থেকে জিতে আসা নন্দীগ্রাম আসন ছেড়ে দেন শুভেন্দু। শুক্রবার নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে গিয়ে কেন তিনি নন্দীগ্রাম ছেড়েছেন, সেই কারণ জানান শুভেন্দু। পাশাপাশি ২০২১ সালের নন্দীগ্রাম নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়েও চাঞ্চল্যকর দাবি করেন তিনি। তাঁর সেই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। একইসঙ্গে প্রশ্ন উঠছে, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়ে শুভেন্দুর করা দাবির সত্যতা কতটা?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই বড় ব্যবধানে জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শুক্রবার নন্দীগ্রামে প্রচারে গিয়ে সেই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, “আমি ভবানীপুরটা ছেড়ে দিলে, যাঁকে মানুষ বিতাড়িত করেছে, আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেতেন।” এরপরই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়েও চাঞ্চল্যকর দাবি করেন তিনি।

- Advertisement -

২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়েও শুক্রবার মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, “আমি ব্যক্তি আক্রমণ করি না। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে PG (SSKM) হাসপাতালে গিয়েছিলাম। এক্স-রে প্লেট তো রোগী পেয়ে যায়, ডাক্তারের কাছে থাকে না। কিন্তু এক্স-রে রিপোর্ট থাকে। আমার কাছে ওই কাগজটা আছে।” এরপর শুভেন্দুর দাবি, সেই রিপোর্টে চিকিৎসকেরা লিখেছিলেন ‘নো ফ্র্যাকচার’। তাঁর কথায়, “তখন উনি মুখ্যমন্ত্রী। ওনার ডাক্তাররা লিখে দিয়েছেন ‘নো ফ্র্যাকচার’। আমার কাছে আছে।”

২০২১ সালের ১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার দিন পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসে বিভিন্ন জায়গায় প্রচার করতে দেখা যায় তাঁকে। সেই সময় চোটের ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগও তুলেছিলেন তৎকালীন তৃণমূল নেত্রী মমতা। এবার সেই ঘটনাকে ঘিরেই পাল্টা দাবি করলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “আপনাদের বদনাম করে দিয়েছিল না? বদনাম করে দিয়েছিল। সামনে ওনার গাড়ির দরজা একটা লোহার বিমে লেগেছিল। দরজাটা ফিরে এসে পায়ে একটু চোট লেগেছিল। আর পা ভেঙেছে বলে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরেছিলেন।” এরপরই তিনি বলেন, “যেদিন দরকার হবে, চ্যালেঞ্জ করলে দেখিয়ে দেব। আমি এখন পুলিশমন্ত্রীও বটে। সেদিন দেখিয়ে দেব।”

- Advertisement -

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News