অমিত কর্মকার, কলকাতা: ভারতের বাজারে স্কোডা স্লাভিয়া-র ফেসলিফ্ট সংস্করণ আত্মপ্রকাশ করেছে। নতুন মডেলটিতে ডিজাইন ও ইন্টেরিয়রের পাশাপাশি ফিচার এবং যান্ত্রিক ক্ষেত্রেও বেশ কিছু আপডেট আনা হয়েছে। নতুন স্লাভিয়া ফেসলিফ্ট মোট ছয়টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে—Classic, Classic+, Signature, Sportline, Prestige এবং Monte Carlo। এর মধ্যে Monte Carlo ভ্যারিয়েন্টটিই ডুয়াল-টোন রঙের বিকল্প নিয়ে এসেছে।
রঙের দিক থেকেও নতুন স্কোডা স্লাভিয়া ফেসলিফ্টে বেশ কিছু বিকল্প থাকছে। এই গাড়িতে দুটি নতুন রঙ হিসেবে আর্কটিক সিলভার এবং ক্যাপুচিনো বেইজ যোগ করা হয়েছে। এছাড়াও ক্রেতারা শিমলা গ্রিন, ব্রিলিয়ান্ট সিলভার, ক্যান্ডি হোয়াইট, কার্বন স্টিল, স্টিল গ্রে, লাভা ব্লু, ডিপ ব্ল্যাক এবং চেরি রেড রঙের মধ্যে থেকে পছন্দ করতে পারবেন। তবে ক্যাপুচিনো বেইজ রঙের স্লাভিয়ার জন্য আগ্রহী ক্রেতাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ এই রঙের গাড়ির ডেলিভারি ২০২৬ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হবে।
পাওয়ারট্রেনের ক্ষেত্রে নতুন স্কোডা স্লাভিয়া ফেসলিফ্টে আগের মতোই ১.০-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন থাকছে, যা সর্বোচ্চ ১১৪ বিএইচপি শক্তি এবং ১৭৮ এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনের সঙ্গে ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হয়েছে। তবে আগের ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিকের পরিবর্তে এবার নতুন ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত করা হয়েছে। পাশাপাশি ১.৫-লিটার TSI পেট্রোল ইঞ্জিনের বিকল্পও রয়েছে, যা ১৪৮ বিএইচপি শক্তি ও ২৫০ এনএম টর্ক তৈরি করে। এই ইঞ্জিনের সঙ্গে ৭-স্পিড DCT গিয়ারবক্স দেওয়া হয়েছে এবং এর শক্তি শুধুমাত্র সামনের চাকায় পৌঁছায়।
