প্রতি মাসের প্রথম দিনেই একাধিক আর্থিক ও প্রশাসনিক নিয়মে পরিবর্তন আসে, আর ১ জুলাইও তার ব্যতিক্রম নয়। আগামী মাসের শুরু থেকেই আধার, পাসপোর্ট, এলপিজি (LPG) সিলিন্ডারের দাম, গাড়ির মূল্য, ক্রেডিট কার্ডের নিয়মসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। এই পরিবর্তনগুলির সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, মাসিক বাজেট এবং বিভিন্ন পরিষেবা ব্যবহারের খরচের উপর (Rules Changing)।
Rules Changing
আধারে ই-মেল আপডেট হবে বিনামূল্যে: ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আধার কার্ডে ই-মেল আইডি আপডেট করার জন্য কোনও ফি দিতে হবে না। ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI)-এর এই উদ্যোগের ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে ই-মেল আইডি আপডেট করা যাবে। এর আগে এই পরিষেবার জন্য ৭৫ টাকা ফি নেওয়া হত। UIDAI-এর উদ্দেশ্য হল, আরও বেশি মানুষ যাতে আধারে নিজেদের সর্বশেষ যোগাযোগের তথ্য আপডেট করে বিভিন্ন সরকারি ও আর্থিক পরিষেবার সুবিধা সহজে পেতে পারেন।
পাসপোর্ট তৈরির খরচ বাড়ছে: ১ জুলাই থেকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে আগের তুলনায় বেশি খরচ হবে। কেন্দ্র সরকার পাসপোর্ট পরিষেবার ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ (Normal) পাসপোর্ট তৈরির জন্য যেখানে এতদিন ১,৫০০ টাকা ফি দিতে হত, সেখানে এখন ২,৫০০ টাকা দিতে হবে। একইভাবে, তৎকাল (Tatkal) পাসপোর্টের আবেদন ফিও ৩,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে। ফলে ১ জুলাই বা তার পরে যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন, তাঁদের এই সংশোধিত ফি অনুযায়ী টাকা জমা দিতে হবে।
১ জুলাই থেকে বাড়ছে গাড়ির দাম: আগামী ১ জুলাই থেকে একাধিক বড় গাড়ি নির্মাতা সংস্থা তাদের বিভিন্ন মডেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় রয়েছে টাটা মোটরস, কিয়া, এমজি মোটর এবং বিএমডব্লিউ। টাটা মোটরস জানিয়েছে, তাদের প্যাসেঞ্জার ভেহিকল (PV)-এর দাম সর্বোচ্চ ১.৫ শতাংশ এবং কমার্শিয়াল ভেহিকল (CV)-এর দাম সর্বোচ্চ ২.৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে, কিয়া ও বিএমডব্লিউ তাদের গাড়ির দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে। এছাড়া এমজি মোটরও বিভিন্ন মডেলের গাড়ির দাম সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে। ফলে ১ জুলাইয়ের পর নতুন গাড়ি কিনতে গেলে ক্রেতাদের আগের তুলনায় বেশি খরচ করতে হতে পারে।
ক্রেডিট কার্ডের নিয়মেও আসছে পরিবর্তন: ১ জুলাই থেকে কয়েকটি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। বিশেষ করে SBI Card-এর কিছু PhonePe SBI Card ব্যবহারকারীদের জন্য রিওয়ার্ড পয়েন্ট সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু ধরনের লেনদেনে আগের মতো রিওয়ার্ড পয়েন্ট মিলবে না। পাশাপাশি কিছু ট্রানজ্যাকশনের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুবিধাও পুরোপুরি তুলে দেওয়া হয়েছে এবং কয়েকটি ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। তাই যারা নিয়মিত এই ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাঁদের নতুন নিয়মগুলি আগে থেকেই জেনে নেওয়া উচিত, যাতে রিওয়ার্ড পয়েন্ট নিয়ে কোনও বিভ্রান্তি না হয়।
HDFC Regalia Gold Credit Card-এও বদল: ১ জুলাই থেকে HDFC Bank-এর Regalia Gold Credit Card গ্রাহকদের জন্যও নতুন নিয়ম কার্যকর হবে। সংশোধিত নিয়ম অনুযায়ী, প্রতি ক্যালেন্ডার বছরের প্রতিটি ত্রৈমাসিকে সর্বাধিক তিনবার বিনামূল্যে ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা মিলবে। তবে এই সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট ত্রৈমাসিকে ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে ন্যূনতম ৬০,০০০ টাকা খরচ করতে হবে। নির্ধারিত খরচের শর্ত পূরণ না হলে গ্রাহকরা বিনামূল্যের লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা পাবেন না।
