Homeপ্রকল্পসরকারি প্রকল্পঅন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ সাড়ে ৫ লক্ষ মহিলা! তালিকার কারা?

অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ সাড়ে ৫ লক্ষ মহিলা! তালিকার কারা?

-

লক্ষীর ভাণ্ডারের উপভোক্তারাই এবার অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্রিমিত্রা পাল। তবে এই সুবিধা দেওয়ার আগে শুরু হয়েছে বিস্তারিত যাচাই প্রক্রিয়া। প্রাথমিক পর্যায়েই প্রায় সাড়ে ৫ লক্ষ মহিলার নাম তালিকা থেকে বাদ গিয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্য সরকার (Government of West Bengal) আগেই জানিয়েছিল, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না। সেই সূত্র ধরেই বাদ পড়া প্রায় ২৯ লক্ষ মহিলার মধ্যে আনুমানিক ১৯ শতাংশ নাম এই প্রকল্প থেকেও বাদ পড়েছে বলে খবর। তবে এখনও চলছে যাচাই প্রক্রিয়া।

অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ বিপুল সংখ্যক মহিলা (Annapurna Bhandar)

ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, লক্ষীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে নাম রাখা হবে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) এবং সেখানে মহিলাদের ভাতা বাড়িয়ে ৩০০০ টাকা করে দেওয়া হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই সরকার গঠনের পর লক্ষীর ভাণ্ডারের উপভোক্তাদের তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। বিগত SIR প্রক্রিয়ায় যাঁরা মৃত, ডুপ্লিকেট বা স্থানান্তরিত ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেও চূড়ান্তভাবে বাদ পড়েছেন, তাঁদেরও এই প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না বলে আগেই জানানো হয়েছিল। তবে যাঁদের মামলা এখনও ট্রাইব্যুনালে বিবেচনাধীন অবস্থায় রয়েছে, তাঁদের নাম ওয়েটিং লিস্টে রাখা হবে এবং বিষয়টি নিষ্পত্তি হলে তাঁরা প্রকল্পের সুবিধা পাবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এদিকে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এবার এএসডিডি ক্যাটাগরির আওতায় এসআইআর-র সময় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। তার মধ্যে অর্ধেক যদি ধরি, তাহলে ২৯ লক্ষ মহিলা থাকতে পারেন। তবে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলা মিলিয়ে মোট বাদ পড়া উপভোক্তার সংখ্যা ৫ লক্ষ ৫০ হাজার ৫২৮ জন, যেখানে প্রথমেই রয়েছে মুর্শিদাবাদ। সেখান থেকে বাদ পড়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৪৮১ জন। আপাতত এই সংখ্যা ধরলেই রাজ্য সরকারের মাসিক সাশ্রয় হবে ১৬৫ কোটি টাকা, যা বছরের হিসাবে ১৯৮২ কোটি। যদিও তৃণমূল কংগ্রেস সরকার লক্ষ্মীর ভাণ্ডারে মোট ২.২১ কোটি উপভোক্তা ছিল বলেই দাবি করেছিল।

এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে আয়ের কোনও নির্দিষ্ট ঊর্ধ্বসীমা ছিল না। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, যে সমস্ত মহিলা আয়কর দেন বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি ASDD ক্যাটাগরি অনুযায়ী মৃত হিসেবে চিহ্নিত উপভোক্তাদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভোটার তালিকায় থাকা সংশ্লিষ্ট মহিলাদের ক্ষেত্রে পার্ট ও সিরিয়াল নম্বর ধরে আলাদা করে চিহ্নিত করে তাদের তথ্য যাচাই করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়ার ফলে ভবিষ্যতে তালিকা থেকে বাদ পড়ার সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -