সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। আজও রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এখনই এই বৃষ্টির হাত থেকে স্বস্তি মিলছে না। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতেও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আগামীকাল (Weather Tomorrow) কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে একনজরে দেখে নিন আবহাওয়া আপডেট।
আগামীকালের আবহাওয়া ৭ আগস্ট
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বিহারের উপর বর্তমানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখাটি রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে হরিয়ানার রোহতক, উত্তরপ্রদেশের শাহজাহানপুর ও সুলতানপুর, বিহারের গয়া এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়ার উপর দিয়ে পূর্বদিকে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার যৌথ প্রভাবেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী কয়েকদিনও এই পরিস্থিতির তেমন পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, সকাল থেকেই আকাশের মুখ ভার থাকবে। আর তার সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি জেলায়। জানা গিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। এছাড়াও প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের নাকি বাকি দিনগুলোতেও ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামীকাল বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই একাধিক নিচু এলাকায় জল জমেছে এবং পাহাড়ি অঞ্চলে ধসের ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উত্তরবঙ্গে বেড়াতে যাওয়া পর্যটকদেরও অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
