বাঁকা চাঁদের পাশে উজ্জ্বল আলো! গণেশ চতুর্থীর রাতে বাংলার আকাশে কী দেখা গেল?

-

জানারুল খান, কলকাতাঃ নিশুতি রাতে আকাশে একফালি বাঁকা চাঁদ। সোমবার সেই চাঁদের পাশেই দেখা গেল উজ্জ্বল একটি আলোকবিন্দু। কলকাতা থেকে কোচবিহার—আকাশে মেঘ না থাকলেই চোখে পড়ছে এই সুন্দর দৃশ্য। ইতিমধ্যেই সমাজমাধ্যমেও তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। বিজ্ঞানীদের মতে, চাঁদের পাশে জ্বলজ্বল করা ওই আলোকবিন্দু আসলে শুক্র গ্রহ। চাঁদ ও শুক্রের এমন কাছাকাছি অবস্থান মহাজাগতিক দিক থেকে বিরল কোনও ঘটনা নয়। তবে রাতের আকাশে দু’টির এমন মনোরম সহাবস্থান যে চোখে পড়ার মতো, তা বলাই যায়।

অমাবস্যার পর সোমবারের চাঁদের বয়স মাত্র তিন দিন। চাঁদের প্রায় ১৪ শতাংশ অংশই এদিন দেখা যাচ্ছে। শুধু এ রাজ্য বা দেশ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই সোমবার একফালি চাঁদের পাশে শুক্র গ্রহকে দেখা যাচ্ছে বা যাবে। সূর্যাস্তের পর উত্তর গোলার্ধে দক্ষিণ-পশ্চিম আকাশে চোখ রাখলেই দেখা মিলবে এই মনোরম দৃশ্যের। দক্ষিণ গোলার্ধ থেকেও একইভাবে চাঁদের পাশে শুক্র গ্রহকে দেখা যাবে।

- Advertisement -

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজ়িক্স-এর অধিকর্তা অধ্যাপক সন্দীপ চক্রবর্তী জানান, চাঁদের পাশে শুক্র গ্রহকে দেখা যাওয়ার এই ঘটনা কোনও বিরল মহাজাগতিক ঘটনা নয়। বিষয়টি সহজ করে বোঝাতে গিয়ে তিনি বলেন, পৃথিবী, সূর্য এবং অন্যান্য গ্রহ প্রায় একই সমতলে অবস্থান করে। যেন একটি থালার উপর পৃথিবী-সহ গ্রহগুলি রয়েছে এবং সেই থালার মাঝখানে রয়েছে সূর্য। তবে চাঁদের অবস্থান সবসময় ওই সমতলে থাকে না। সাধারণত সেটি ওই সমতলের প্রায় ৫ ডিগ্রি উত্তর বা দক্ষিণে অবস্থান করে। সোমবার চাঁদ সেই সমতলের কাছাকাছি চলে আসায় শুক্র গ্রহের পাশে তাকে দেখা যাচ্ছে।

চাঁদ যে কক্ষপথে পৃথিবীর চারপাশে ঘোরে এবং পৃথিবী যে কক্ষপথে সূর্যের চারদিকে ঘোরে, সেই দুই সমতল যদি এক হত, তা হলে প্রায় প্রতিদিনই চাঁদকে কোনও না কোনও গ্রহের খুব কাছাকাছি দেখা যেত। কিন্তু বাস্তবে এমনটা হয় না, কারণ চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের তুলনায় কিছুটা হেলে রয়েছে। চাঁদ যখন এই দুই কক্ষপথের সমতলের কাছাকাছি এসে পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে অবস্থান করে, তখনই সূর্যগ্রহণ ঘটে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News