আধার পরিষেবায় বড় বদল, আঙুলের ছাপের বদলে এবার মুখ স্ক্যান!

জানারুল খান, কলকাতাঃ আধার দিবস উপলক্ষে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) নাগরিকদের জন্য পাঁচটি নতুন ও কার্যকর পরিষেবা চালু করেছে। নতুন এই উদ্যোগগুলির মধ্যে রয়েছে আধার কেন্দ্রে টোকেনের ব্যবস্থা, রেশন বিতরণের ক্ষেত্রে ফেস অথেন্টিকেশন, ক্ষুদ্র ব্যবসার জন্য সহজতর যাচাইকরণ প্রক্রিয়া, SWIK 2.0 পোর্টাল এবং একটি আধুনিক ও বহুভাষিক ওয়েবসাইট। বিশেষ করে যাঁদের বায়োমেট্রিক মেশিনে বারবার আঙুলের ছাপ স্ক্যান করতে সমস্যা হয়, তাঁদের জন্য ফেস অথেন্টিকেশনের সুবিধা। আসুন তাহলে এই নয়া সুবিধাগুলো সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।

- Advertisement -

রেশনের জন্য আঙুলের ছাপের বদলে ফেস অথেন্টিকেশন

বয়স্ক মানুষ বা যাঁরা দীর্ঘদিন কায়িক পরিশ্রম করেন, তাঁদের অনেকের আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে যাওয়ায় রেশন দোকানে বায়োমেট্রিক যাচাইকরণের সময় সমস্যা দেখা দেয়। ফলে যোগ্য হওয়া সত্ত্বেও অনেক সময় রেশন পেতে সমস্যায় পড়তে হয়। এই সমস্যা কমাতে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা গণবণ্টন ব্যবস্থায় ফেস অথেন্টিকেশনের সুবিধা চালু করা হচ্ছে। এই ব্যবস্থায় সুবিধাভোগীর সম্মতি নিয়ে মুখ স্ক্যান করে পরিচয় যাচাই করা যাবে। অর্থাৎ আঙুলের ছাপ মিলতে সমস্যা হলে বিকল্প হিসেবে মুখের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে রেশন নেওয়ার সুযোগ পাওয়া যাবে।

এর পাশাপাশি, আধার পরিষেবা কেন্দ্রগুলির কাজের পদ্ধতিতেও পরিবর্তন আনছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। আধার কেন্দ্রে অতিরিক্ত ভিড় এবং দীর্ঘ লাইনের সমস্যা কমাতে আঞ্চলিক পরিষেবা কেন্দ্রগুলিতে নতুন টোকেন ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থায় পরিষেবা নিতে আসা নাগরিকদের প্রথমে একটি টোকেন দেওয়া হবে। এরপর ডিজিটাল স্ক্রিনে টোকেন নম্বর প্রদর্শিত হলে সেই অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে পরিষেবার জন্য ডাকা হবে। ফলে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার ঝামেলা অনেকটাই কমবে।

- Advertisement -

এছাড়াও, যেসব ক্ষুদ্র বা নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান সীমিত পরিসরে আধার অথেন্টিকেশন পরিষেবা ব্যবহার করে, তাদের জন্য নিয়মকানুন আরও সহজ করেছে UIDAI। কম সংখ্যক অথেন্টিকেশন প্রয়োজন এমন যোগ্য প্রতিষ্ঠানগুলিকে আলাদা করে ব্যয়বহুল পরিকাঠামো তৈরি করতে হবে না। তারা বিদ্যমান অথেন্টিকেটিং ইউজার এজেন্সি (AUA) এবং e-KYC ইউজার এজেন্সি কাঠামোর মাধ্যমেই আধার-ভিত্তিক পরিষেবা ব্যবহার করতে পারবে। এর ফলে ছোট ব্যবসা, স্থানীয় প্রশাসনিক সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির পক্ষে আধার-ভিত্তিক ডিজিটাল পরিষেবার সঙ্গে যুক্ত হওয়া আগের তুলনায় আরও সহজ হবে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News