সাদিকুল খান, কলকাতাঃ শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘তিরঙ্গা ওড়াও’ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই বাড়ি থেকে গ্রেফতার করা হয় ককরোচ প্রধান অভিজিৎ দীপককে (Abhijeet Dipke)। দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৬ ও ১৭০ ধারায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। শনিবার তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা রয়েছে। অন্যদিকে, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি নেহা বোরা শুক্রবার সকালে দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে। এখন প্রশ্ন, অভিজিৎ দীপককেও কি মুক্তি দেওয়া হবে, নাকি তাঁকে তিহার জেলে পাঠানো হবে?
তিহার জেলে যাচ্ছেন অভিজিৎ দীপকে?
যন্তর মন্তরকে প্রতিবাদ কর্মসূচির নির্ধারিত স্থানগুলির তালিকা থেকে বাদ দেওয়ার পরও নিয়ম অমান্য করে জাতীয় পতাকা হাতে সেখানে প্রবেশের অভিযোগে গ্রেফতার হন আশুতোষ রঙ্কা ও সৌরভ দাস। আদালত তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। বর্তমানে তাঁরা তিহার জেলে রয়েছেন। তাঁদের আটকের প্রতিবাদে শুক্রবার ‘তিরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। তবে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই গ্রেফতার হন সংগঠনের প্রধান অভিজিৎ দীপকে।
সেই সূত্রেই এখন প্রশ্ন উঠছে, সৌরভ দাস ও আশুতোষ রঙ্কার মতো অভিজিৎ দীপককেও কি তিহার জেলে পাঠানো হবে? যদিও তাঁর মামলা এখনও আদালতে বিচারাধীন। প্রসঙ্গত, শুক্রবার অভিজিৎ দীপককে গ্রেফতারের পাশাপাশি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়। দিল্লিতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ওই দিন একের পর এক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
অভিজিৎ দীপককে আটক করার পর তাঁর শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের অভিযোগ, অভিজিতের পরিবার, আইনজীবী ও সদস্যরা দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, বিএনএসএসের ১২৬ ও ১৭০ ধারায় তাঁর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁকে আদালতে হাজির করা হবে। ম্যাজিস্ট্রেটের সামনে শুনানির সময় তাঁর আগের মুক্তির শর্ত লঙ্ঘন হয়েছে কি না, পুলিশের পদক্ষেপের পক্ষে কী তথ্য রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, তা বিবেচনা করা হতে পারে। আদালত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিলে অভিজিৎকেও তিহার জেলে পাঠানো হতে পারে।
