সাদিকুল খান, কলকাতাঃ গ্রেফতারির আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রধান অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। শুক্রবার বাড়ি থেকে বেরোতেই তাঁকে আটক করল দিল্লি পুলিশ। পূর্বঘোষণা অনুযায়ী, এদিন দিল্লির কনট প্লেসে তিরঙ্গা কর্মসূচির আয়োজন করেছিল তাঁর দল। সেই কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন অভিজিৎ। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই তাঁকে আটক করে পুলিশ।
ফের আটক অভিজিৎ দীপকে
এদিনের কর্মসূচির আগেই সিজেপি প্রধান অভিজিৎ দীপকে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাঁকে আটক করা হতে পারে। তবে সেই আশঙ্কা সত্ত্বেও তিনি জানিয়েছিলেন, “গ্রেফতার করলে গ্রেফতার হব।” শেষ পর্যন্ত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কয়েক মিনিট আগেই বাড়ি থেকে তাঁকে আটক করে দিল্লি পুলিশ। উল্লেখ্য, চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার আটক হলেন অভিজিৎ। এর আগে এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে মুম্বই থেকে দিল্লি আসার সময় বিমান থেকেই তাঁকে এবং সিজেপির কয়েকজন নেতাকে আটক করা হয়েছিল।
আজকের এই মিছিলের উদ্দেশ্য ছিল সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কার গ্রেফতারের প্রতিবাদ। কারণ, যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া ঠিক একদিন পর ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে সেখানে প্রবেশ করাতেই তাঁদের আটক করে ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এমনকি আজ আটকের আগেই দিল্লি পুলিশের তরফ থেকে অভিজিতের বাড়িতে হাজির হয়ে মিছিল না করার জন্য নোটিশ দেওয়া হয়।
এদিনের মিছিল ঘিরে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে কনট প্লেস এলাকায় মোট ৩২ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয় বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ ধারা জারি করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। দিল্লি পৌরসভাও প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার অনুমতি দেয়নি বলে জানা গিয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে সিজেপি মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের তরফে সতর্ক করা হয়।
