নিট বিতর্ককে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির আন্দোলন শেষ হওয়ার পর কেন্দ্র ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল লোকসভায় পেশ করেছে এবং আন্দোলনের অন্যতম প্রধান দাবি মেনে শিক্ষামন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়িয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এর মধ্যেই নতুন করে জোর চর্চা শুরু হয়েছে, কারণ সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে যে বিজেপি সরকারের বিরুদ্ধে টানা আন্দোলনের মুখ হয়ে ওঠা ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) নাকি এবার বিজেপিতেই যোগ দিতে চলেছেন। এই জল্পনা সামনে আসতেই অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি এতদিনের আন্দোলন শুধুই রাজনৈতিক কৌশল ছিল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও সমীকরণ?
বিজেপিতে যোগদান করছেন অভিজিৎ?
ময়দানে নেমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির পাশাপাশি অভিজিৎ দীপকে প্রকাশ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও তুলেছিলেন। তাই হঠাৎ তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা ছড়াতেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, বিষয়টি আসলে কী? সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি সাক্ষাৎকারে অভিজিৎ দীপকের মা দাবি করেন, তাঁর ছেলেকে নাকি ভিডিও বার্তার মাধ্যমে বিজেপিতে যোগ দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, সেই বার্তায় বলা হয়েছিল অভিজিৎ প্রস্তাব না মানলে তাঁর বাবা-মাকে গুরুতর পরিণতির মুখে পড়তে হবে। এমনকি নিরাপত্তার আশঙ্কায় অভিজিতের বাবা-মাকে টানা ১৬ দিন বাড়ি ছেড়ে আত্মগোপনে থাকতে হয়েছে বলেও তিনি দাবি করেন।
অভিজিৎ দীপকের মায়ের দাবি অনুযায়ী, আন্দোলন চলাকালীন তাঁদের পরিবারকে একটি ভিডিও বার্তার মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল। তাঁর কথায়, প্রথমে বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি, কারণ অভিজিৎ নিজেই তাঁকে সেই ভিডিও না দেখার পরামর্শ দিয়েছিলেন। তিনি আরও বলেন, অভিজিতের বাবার উচ্চ রক্তচাপের সমস্যা থাকায় তাঁদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছিল। তাঁর দাবি, অভিজিৎ ব্যক্তিগতভাবে এসব হুমকিতে ভয় পাননি, তবে বাবা-মায়ের নিরাপত্তার কথা ভেবে তাঁদের অন্যত্র সরে যেতে বলেন। সেই পরামর্শ মেনেই তাঁরা মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের বাড়ি ছেড়ে কোঙ্কন অঞ্চলে এক আত্মীয়ের বাড়িতে প্রায় ১৬ দিন অবস্থান করেছিলেন বলে তাঁর মা জানান।
যদিও অভিজিৎ সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন কিনা তা জানতে চাওয়া হলে অভিজিতের মা বলেন, “অভিজিৎ যে সিদ্ধান্তই নিক না কেন, তাতে পরিবার সবসময় তাঁর পাশে থাকবে।” এমনকি এই আন্দোলনের মাঝে অভিজিৎ দীপকের জন্য হাজার হাজার বিয়ের সম্বন্ধ আসছে বলেও জানান তাঁর মা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “আন্দোলনে সাফল্যের পর থেকে অভিজিতের বিয়ের প্রস্তাবের বন্যা বইছে। আগেও প্রস্তাব ছিল। তবে এখন সেই সংখ্যা কয়েকগুণ বেড়ে দাঁড়িয়েছে। কিন্তু বিয়েটা যখন হবে তখনই ঠিক করা হবে। এখন এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। কিন্তু অভিজিৎ এখন যে স্থানে পৌঁছেছে, সেখানে তাঁর জীবনসঙ্গী বেছে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ তাঁর নিজের।”
