সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে FIR

সাদিকুল খান, কলকাতাঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রেজিনগর উপনির্বাচনের ভোট গণনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, একটি সংবাদমাধ্যমের ভুল প্রতিবেদন নিজের ফেসবুক ও এক্স হ্যান্ডেলে শেয়ার করে অভিষেক দাবি করেছিলেন, মোট ভোটারের সংখ্যার চেয়েও বেশি ভোট পেয়েছে বিজেপি। পরে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও অভিষেক তাঁর পোস্ট সরিয়ে নেননি বলে অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের মধ্যে এই গুজব রটানোর অভিযোগে এবার দায়ের হল এফআইআর।

- Advertisement -

অভিষেকের বিরুদ্ধে ফের এফআইআর

শুক্রবার রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনের ভোট গণনা হয়। দুই কেন্দ্রেই বড় ব্যবধানে জয়ী হন বিজেপির প্রার্থীরা। নন্দীগ্রামে এক লক্ষেরও বেশি ভোটে জয় পান হাসিরানি রথ, অন্যদিকে রেজিনগরে প্রায় ৭৫ হাজার ভোটে জয়ী হন শাখারভ সরকার। তবে ফল প্রকাশের পরেই রেজিনগরের ১০৯ নম্বর বুথের ভোট গণনা নিয়ে বিতর্ক তৈরি হয়। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ওই বুথে মোট ভোটারের সংখ্যার চেয়েও বেশি ভোট পেয়েছে বিজেপি। যদিও পরে সংবাদমাধ্যমটি জানায়, প্রতিবেদনটি ভুলবশত প্রকাশিত হয়েছিল এবং নিজেদের ভুল স্বীকার করে ক্ষমাও চায়।

এদিকে ওই প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে নিজের ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ লেখেন, “রেজিনগর বিধানসভা কেন্দ্রের ১০৯ নম্বর বুথে নথিভুক্ত ভোটার ৭৭২ জন। অথচ বিজেপি একাই পেয়েছে ৯০৯ ভোট। এই অঙ্ক দেখে উত্তর কোরিয়ারও মাথা ঘুরে যাবে। জ্ঞানেশ কুমার মহাশয়, ভোটার ৭৭২। বিজেপির ভোট ৯০৯। বাকি ১৩৭ জন কি আকাশ থেকে নেমে ভোট দিয়ে গেলেন? নির্বাচন কমিশন কি এবার অঙ্কের নতুন পাঠ্যবই প্রকাশ করবে নাকি আসল হিসাবটা দেশবাসীকে জানাবে? গণতন্ত্রে ম্যাজিক নয়, জবাবদিহি চাই।”

- Advertisement -

পরে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, প্রতিবেদনটি ভুলবশত প্রকাশিত হয়েছিল। ওই বুথে মোট ভোটারের সংখ্যা ছিল ১,১০৯ এবং উপনির্বাচনের দিন ভোট পড়েছিল ৯৭২টি। এর মধ্যে বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৯০৯টি ভোট। কিন্তু খবর সম্প্রচারের সময় ভুল করে ৯৭২-এর পরিবর্তে ৭৭২টি ভোট পড়েছে বলে উল্লেখ করা হয়েছিল। পরে নির্বাচন কমিশনের তরফেও এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়। সংবাদমাধ্যমটি ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্টটি সরিয়ে নেননি বলে অভিযোগ। এই পোস্টের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে রেজিনগর বিধানসভার রিটার্নিং অফিসার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News