অবশেষে কিছুটা নরম সুরে দেখা গেল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এবার সরাসরি কলকাতা পৌরনিগমের কাছে চিঠি দিয়ে সময় চেয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উল্লেখযোগ্যভাবে, এর আগে রাজ্য সরকারের নির্দেশে তৃণমূল সাংসদদের সম্পত্তির উৎস নিয়ে তদন্ত শুরু হওয়ার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কথিত বেআইনি অংশ ভাঙার নোটিস দেয় কলকাতা পুরসভা। সেই প্রেক্ষিতে, প্রয়োজনীয় নথি ও সম্পত্তি সংক্রান্ত উপযুক্ত তথ্য জমা দেওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে কিছুটা অতিরিক্ত সময় চেয়েছেন তিনি।
হঠাৎ সুর নরম অভিষেকের? (Abhishek Banerjee)
কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তি নিয়ে নোটিস জারি করেছিল কলকাতা পুরসভা। সেখানে শান্তিনিকেতন ও কালীঘাটের বাড়ি-সহ 188A হরিশ মুখার্জি রোড এবং 121 কালীঘাট রোড সংলগ্ন সম্পত্তিতে কথিত অবৈধ নির্মাণের অভিযোগের কথা উল্লেখ করা হয়। পুরসভার দাবি অনুযায়ী, নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে প্রশাসন নিজেই পদক্ষেপ করতে পারে বলেও জানানো হয়েছিল। পাশাপাশি, সংশ্লিষ্ট সম্পত্তির উপযুক্ত নথি ও তথ্য জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। এবার সেই বিষয়েই আইনজীবীর মাধ্যমে কলকাতা পৌরনিগমের কাছে ১০ দিনের অতিরিক্ত সময় চেয়েছেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পদক্ষেপের পর রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, পরিস্থিতির প্রেক্ষিতে কি অবশেষে কিছুটা নরম সুরেই এগোলেন তিনি?
উল্লেখ্য, এর আগে কালীঘাট এবং হরিশ মুখার্জী মুখার্জি রোডের বাড়ি ভাঙা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং পাল্টা তিনি জানান, কলকাতা পুরসভা তাঁর বাড়ি দুটির ঠিক কোন অংশগুলিকে অবৈধ ঘোষণা করেছে তা আলাদা করে চিহ্নিত করে দেওয়া হোক। তারপরই তিনি উত্তর দেবেন।
