IPS পাপিয়া সুলতানাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের, কী বললেন তৃণমূল সাংসদ?

সাদিকুল খান, কলকাতাঃ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুলিশ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিলেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার সরাসরি পুলিশ অফিসারদের জেলে ঢোকানোর বার্তা তৃণমূল সাংসদের। সেই সূত্রে এবার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর সাথে সম্পর্ক রেখে বিরোধীদের দমানোর চেষ্টা করছেন পুলিশ সুপার, এমনটাই দাবি সাংসদের।

- Advertisement -

কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় IPS পাপিয়া সুলতানা?

গতকাল সংবাদমাধ্যমের সামনে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে নিয়ে একাধিক অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ওই পুলিশ আধিকারিকের সঙ্গে নির্দিষ্ট এক আইনজীবীর যোগাযোগের বিষয়টি সর্বজনবিদিত। এমনকী রাতের অন্ধকারে বৈঠক করে কীভাবে মানুষকে ফাঁসানো যায় এবং আইনের বাইরে গিয়ে কাজ করা হচ্ছে, সেই অভিযোগও তোলেন তিনি। অভিষেকের আরও দাবি, নির্বাচনের ফল প্রকাশের আগের দিন ওই পুলিশ আধিকারিক তাঁকে মেসেজ করে তৃণমূলের জয়ের সম্ভাবনার কথা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু ফল প্রকাশের পর বিজেপি জয়ী হতেই মুখ্যমন্ত্রীকে খুশি করতে হাজার হাজার তৃণমূল কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এই প্রসঙ্গে হুঁশিয়ারির সুরে অভিষেক বলেন, আগামী দিনে তাঁদের সরকার কোনও পুলিশ আধিকারিককেই রেয়াত করবে না।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, বাংলার মানুষ বর্তমানে যে ধরনের অত্যাচার দেখছেন, তা আইনশৃঙ্খলার নামে প্রহসন ছাড়া কিছু নয়। এনকাউন্টার প্রসঙ্গেও পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অভিষেকের বক্তব্য, যে ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে সাত বছরের একটি শিশুও রয়েছে, সেই ঘটনার দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাঁর অভিযোগ, ঘটনার অর্ধেক সিসিটিভি ফুটেজও পাওয়া যাচ্ছে না। তাহলে পুলিশের কাজ কী, সেই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি যাঁদের গাফিলতির কারণে এত মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের কেন ধরা হচ্ছে না, তা নিয়েও প্রশাসনের কাছে জবাব চান অভিষেক।

- Advertisement -

চোরবাগান প্রসঙ্গেও সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, জোরজবরদস্তি করে যাঁরা পুজো কমিটিগুলি দখল করেছিলেন এবং নিজেদের প্রচার, জনপ্রিয়তা ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিলেন, তাঁদের কেন তদন্তের বাইরে রাখা হবে? তাঁদেরও তদন্তের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অভিষেকের বক্তব্য, শুধু দু-চারজন ছোটখাটো ব্যক্তিকে গ্রেফতার করে লাভ নেই। বরং তমোঘ্ন ঘোষ, বিজয় ওঝা এবং দেবদ্বীপ অধিকারীকেও গ্রেফতার করা উচিত। পাশাপাশি দেবদ্বীপ অধিকারীর পরিবারকে নিশানা করে দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন তিনি। একইসঙ্গে একাধিক মৃত্যুর ঘটনা উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তৃণমূল সাংসদ।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News