সাদিকুল খান, কলকাতাঃ পুজোর মরসুমে এসি, টিভি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন কেনার পরিকল্পনা থাকলে এখন থেকেই একটু হিসেব করে এগোনো ভালো। কারণ অক্টোবর থেকে এই ধরনের একাধিক ইলেকট্রনিক্স পণ্যের দাম বাড়তে পারে। তামা, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো কাঁচামালের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি পরিবহণ খরচ এবং টাকার দামের ওঠানামার প্রভাবও পড়ছে সংস্থাগুলোর উপর। ফলে উৎপাদন খরচ সামলাতে কোম্পানিগুলি পণ্যের দাম বাড়ানোর পথে হাঁটতে পারে। তাই উৎসবের কেনাকাটায় কোন পণ্যের দাম কতটা বাড়তে পারে, তা আগে থেকে জেনে রাখলে বাজেট ঠিক করতেও সুবিধা হবে।
অক্টোবর থেকে দাম বাড়ছে এসি, টিভি, ফ্রিজের?
শিল্প মহলের মতে, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে এসি-সহ একাধিক গৃহস্থালির বৈদ্যুতিক পণ্যের দাম ৫% থেকে ৮% পর্যন্ত বাড়তে পারে। একটি রিপোর্ট অনুযায়ী, কিছু সংস্থা ইতিমধ্যেই দাম বাড়িয়েছে, আবার কয়েকটি সংস্থা এখনও নতুন দাম চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। ২০২৬ সালে এই নিয়ে ভোক্তা ইলেকট্রনিক্স ক্ষেত্রে তৃতীয়বার দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা বেড়েছে, ফলে পণ্য পরিবহণে দেরি হচ্ছে এবং মাল পরিবহণের খরচও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি অপরিশোধিত তেলের দাম বাড়ায় প্লাস্টিক ও অন্যান্য কাঁচামালের খরচ বেড়েছে। টিভি, ওয়াশিং মেশিন-সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যে ব্যবহৃত মেমরি চিপের দামও গত এক বছরে অনেকটাই বেড়েছে।
কোন কোন পণ্যের দাম কী পরিমাণে বাড়বে?
এসি: অক্টোবর থেকে এয়ার কন্ডিশনারের দাম প্রায় ৫% থেকে ৮% পর্যন্ত বাড়তে পারে। তবে Blue Star, Godrej Enterprises Group, Haier এবং Daikin-এর মতো কয়েকটি ব্র্যান্ডের ক্ষেত্রে দাম ১০% পর্যন্ত বাড়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন, ফের জোরালো সমর্থন রাশিয়ার
LED টিভি ও ওয়াশিং মেশিন: এই দুই ধরনের পণ্যের দাম প্রায় ৩% থেকে ৪% পর্যন্ত বাড়তে পারে। তবে ভারতে থমসন, কোডাক ও ব্লাউপঙ্কটের মতো টিভি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত সুপার প্লাস্ট্রনিক্স প্রাইভেট লিমিটেড (SPPL) অক্টোবরের পর টিভির দাম প্রায় ৭% বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানা যাচ্ছে।
রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার: এই পণ্যগুলির দামও বাড়তে পারে। সংস্থাগুলির পরিকল্পনা অনুযায়ী, রেফ্রিজারেটর এবং ডিপ ফ্রিজারের দাম প্রায় ৩% থেকে ৫% পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
আপনাকে জানিয়ে রাখি, উৎসবের মরসুমে ক্রেতাদের জন্য স্বস্তির বিষয় হলো যে, দোকান ও ডিলারদের কাছে পুরোনো দামেই পণ্য মজুত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পুরনো মজুত প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত টিকতে পারে। এর মানে হলো, কিছু গ্রাহক দিওয়ালি পর্যন্ত পুরোনো দামে এসি, টিভি ও অন্যান্য সরঞ্জাম পেতে পারেন। তবে নতুন দামের প্রভাব দিওয়ালির পর আরও স্পষ্টভাবে দেখা যেতে পারে।
