আচারি কুমড়ো রেসিপি: টক-ঝাল-মিষ্টি স্বাদের নিরামিষ পদ সহজে বানান

-

বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়লেই অনেকেরই মন চায় গরম গরম ঝাল খাবার খেতে। কিন্তু নিরামিষের দিনে কী রান্না করবেন, তা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। এমন সময় বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু আচারি কুমড়ো। আচারি মশলার ঝাঁজের সঙ্গে কুমড়োর হালকা মিষ্টি স্বাদ মিলিয়ে এই পদটি হয়ে ওঠে একেবারে অন্যরকম। টক, ঝাল আর মিষ্টির দারুণ মেলবন্ধনে তৈরি এই নিরামিষ রেসিপি গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে খুব সহজেই বাড়িতে বানাবেন আচারি কুমড়োর রেসিপি।

আরও পড়ুন: কাতলা মাছের ভাপা রেসিপি: ইলিশের মতো স্বাদে বানান বনেদি বাড়ির পদ

আচারি কুমড়ো রেসিপি তৈরির উপকরণ

  • কুমড়ো – ৫০০ গ্রাম
  • সর্ষের তেল – ২-৩ টেবিল চামচ
  • চিনেবাদাম – ১ মুঠো
  • তেজপাতা – ২টি
  • পাঁচফোড়ন – আধ চা চামচ
  • শুকনো লঙ্কা – ১টি
  • আদা-রসুন বাটা – দেড় টেবিল চামচ
  • হিং – ১ চিমটে
  • হলুদ গুঁড়ো – আধ চা চামচ
  • লঙ্কা গুঁড়ো – আধ চা চামচ
  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ
  • ধনে গুঁড়ো – ১ চা চামচ
  • জিরে গুঁড়ো – আধ চা চামচ
  • কসৌরি মেথি – ১ টেবিল চামচ
  • মাঝারি আকারের টমেটো – ১টি (কুচি করে কাটা)
  • আমচুর গুঁড়ো – ১ টেবিল চামচ
  • গুড় বা চিনি – আধ চা চামচ
  • স্বাদমতো নুন

আচারি কুমড়ো রেসিপি তৈরির প্রণালী

প্রথমে কুমড়ো ভালো করে ধুয়ে খোসাসহ মাঝারি আকারের টুকরো করে কেটে নিন। চাইলে খোসা ছাড়িয়েও রান্না করতে পারেন। এরপর একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে চিনেবাদাম হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়নের ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আদা-রসুন বাটা ও এক চিমটি হিং দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এবার আঁচ কমিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে সামান্য গরম জল মিশিয়ে মশলা কষিয়ে নিন। এরপর কসৌরি মেথি দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করুন। এবার কাটা কুমড়ো ও স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে কম আঁচে ৭-৮ মিনিট রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন, যাতে কুমড়ো বা মশলা পুড়ে না যায়। এরপর টমেটো কুচি দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। টমেটো নরম হয়ে এলে ভেজে রাখা চিনেবাদাম, আমচুর গুঁড়ো এবং স্বাদমতো গুড় বা চিনি মিশিয়ে ভালোভাবে নেড়ে আরও ৩-৪ মিনিট রান্না করুন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে গ্যাস বন্ধ করে গরম গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু আচারি কুমড়ো।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News