পিঙ্কি সরকার, কলকাতা: অবশেষে খুলে দেওয়া হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল। নবান্নের তরফে আগে জানানো হয়েছিল, ১৭ থেকে ২০ আগস্টের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এবং ১৯ আগস্টের পর ফের পোর্টাল চালু করা হবে। সেই ঘোষণা অনুযায়ী, আজ বিকেল থেকেই অন্নপূর্ণা যোজনার পোর্টাল আবার খুলে দেওয়া হয়েছে। এখন আবেদনকারীরা পোর্টালে গিয়ে নিজেদের আবেদনের স্ট্যাটাস সহজেই চেক করতে পারবেন। শুধু তাই নয়, কারও আবেদন বাতিল হয়ে থাকলে তার কারণও পোর্টাল থেকেই জানা যাবে। পাশাপাশি, আবেদনের সঙ্গে কোনও সমস্যা থাকলে বা কোনও বিষয়ে অভিযোগ জানাতে চাইলে তার জন্যও আলাদা অপশন রাখা হয়েছে।
খুলে দেওয়া হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল
প্রসঙ্গত, গত ১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য আবেদন করার সুযোগ ছিল। তবে ৩১ জুলাইয়ের পর হঠাৎই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে নতুন করে আবেদন করা তো সম্ভব হচ্ছিলই না, পাশাপাশি আবেদনকারীরা নিজেদের স্ট্যাটাসও দেখতে পারছিলেন না। পরে গত পরশু নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানান, অনলাইন পোর্টালে কিছু প্রযুক্তিগত কাজ চলছিল। সেই সময় প্রত্যেক মহিলার তথ্য যাচাই করে অনলাইনে আপলোড করার কাজও করা হয়েছে। তিনি আরও জানিয়েছিলেন, ১৯ আগস্টের পর ফের অন্নপূর্ণা যোজনার পোর্টাল খুলে দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী, এখন আবার পোর্টাল চালু হওয়ায় আবেদনকারীরা নিজেদের আবেদনের স্ট্যাটাস এবং প্রয়োজনীয় তথ্য অনলাইনে দেখতে পারবেন।
অন্নপূর্ণা যোজনার পোর্টালে নতুন সংযোজন
কথা মতোই হল কাজ। আজ থেকে আবারও সোশ্যাল রেজিস্ট্রির অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা তাঁদের নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবে। পাশাপাশি যাঁদের আবেদন রিজেক্ট হয়েছে, তাঁরা পুনরায় আবেদন করতে পারবে। এমনকি সবথেকে বড় ব্যাপার, কোন কারণে আবেদন বাতিল করা হল তা নতুন ভাবে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে। বেশিরভাগ মহিলার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কে সমস্যার কারণেই আবেদন বাতিল করা হয়েছে। এমনকি রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এই কারণে অন্তত ১০ লক্ষ আবেদন বাতিল হয়েছে। পাশাপাশি মোট বাতিল হয়েছে ১৭ লক্ষ আবেদন।
এদিকে, বেশ কিছু মহিলার অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হওয়ার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে শহরাঞ্চল বা পৌরসভা এলাকায় তিনটির বেশি পাকা ঘর থাকা। এছাড়াও আয়কর প্রদানকারী কিংবা সরকারি চাকরির সঙ্গে যুক্ত মহিলাদের আবেদনও বাতিল করা হয়েছে। তবে আপনার যদি মনে হয়, কোনও অযোগ্য ব্যক্তি নিয়মের বাইরে গিয়ে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন, তাহলে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালের মাধ্যমেই তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্যও রয়েছে নতুন সুযোগ। আজ থেকেই বাতিল হওয়া আবেদনকারীরা ফের রিঅ্যাপ্লাই করতে পারবেন।
