প্রবল বজ্রপাত থেকে ঝড়, ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

জানারুল খান, কলকাতাঃ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আলিপুর আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমমধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে এই নিম্নচাপটি অবস্থান করছে। নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও এর পরোক্ষ প্রভাবে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে পারে। সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢোকার সম্ভাবনা থাকায় আজ বুধবার থেকে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই আজকের জন্যও একাধিক জেলায় প্রতিকূল আবহাওয়ার (Weather Today) পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।

- Advertisement -

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এছাড়াও প্রবল বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা শহরের কথা বললে, আজ থেকে আগামী ৩ দিন সেখানে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে এই জেলাগুলিতে আজ আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে এবং দফায় দফায় বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবারও বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির জন্য দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, হাওড়া ও বীরভূমে হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও পরিস্থিতি খুব একটা বদলাবে না। দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News