আজকের আবহাওয়া: দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, জানাল হাওয়া অফিস

-

আর মাত্র কয়েক দিন পরেই রথযাত্রার উৎসবে মেতে উঠবে গোটা দেশ, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ওড়িশা। ইতিমধ্যেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে সর্বত্র। তবে সেই আনন্দে কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। মৌসুমী অক্ষরেখা আরও সক্রিয় হওয়ায় নতুন করে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়তে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ফলে রথযাত্রার আগে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই দেখে নেওয়া যাক, আজ সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সপ্তাহের প্রথম দিনেই মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে।

- Advertisement -

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিহার থেকে মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যার জেরে আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া অফিসের মতে এদিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মালদা উত্তরে দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলবে ঝড় বৃষ্টির দাপট।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবার, অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেও বৃষ্টির দাপট বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া-সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই জেলাগুলির বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরিয়ে আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News