সাদিকুল খান, কলকাতাঃ অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রাপ্তাডু সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের উপর করাত দিয়ে হামলার ঘটনায় অবশেষে পুলিশের গুলিতে আহত হল মূল অভিযুক্ত হেমন্ত। স্কুলের ভিতরে ঢুকে দুই ছাত্রীর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল ২১ বছর বয়সি ওই যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শেষ পর্যন্ত আত্মাকুরের জঙ্গলে আত্মগোপন করে থাকা অবস্থায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় সে। বর্তমানে অনন্তপুর সরকারি জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অভিযুক্ত।
স্কুলে ঢুকে দুই ছাত্রীর উপর করাত নিয়ে হামলা
শনিবার সকাল ১০টা নাগাদ রাপ্তাডু জেলা পরিষদ সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, করাত হাতে আচমকাই শ্রেণিকক্ষে ঢুকে পড়ে হেমন্ত। এরপর দশম শ্রেণির এক ছাত্রীর উপর হামলা চালায় সে। সহপাঠীকে বাঁচাতে অন্য এক ছাত্রী এগিয়ে এলে তাঁর উপরেও হামলা করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় দুই ছাত্রী মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পরে আহত ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভিযুক্তের খোঁজে ২৫টি বিশেষ পুলিশ দল
ঘটনার পর অভিযুক্তকে ধরতে তল্লাশি অভিযান শুরু করে অন্ধ্রপ্রদেশ পুলিশ। হেমন্তের খোঁজে মোট ২৫টি বিশেষ দল গঠন করা হয়। বিভিন্ন এলাকা এবং জঙ্গল লাগোয়া অঞ্চলে চলে চিরুনি তল্লাশি। রবিবার বিকেলে গোপন সূত্রে পুলিশ খবর পায়, আত্মাকুরের বনাঞ্চলে আত্মগোপন করে রয়েছে অভিযুক্ত। এরপর দুটি বিশেষ পুলিশ দল ওই এলাকা ঘিরে ফেলে তাকে ধরার চেষ্টা করে।
পুলিশের দাবি, আত্মসমর্পণ না করে হামলা চালায় অভিযুক্ত
অনন্তপুরের পুলিশ সুপার পি জগদীশের বক্তব্য অনুযায়ী, পুলিশ হেমন্তকে ঘিরে ফেলে আত্মসমর্পণের নির্দেশ দিলে সে তা অমান্য করে পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে শূন্যে দু’রাউন্ড গুলি চালায়। কিন্তু অভিযোগ, এরপরও অভিযুক্ত ছুরি নিয়ে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এক সার্কেল ইনস্পেক্টরকে আঘাত করে। শেষ পর্যন্ত পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই গুলিবিদ্ধ হয় হেমন্ত। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশের আরও দাবি, আত্মরক্ষার্থে এবং অভিযুক্তকে বাগে আনতে পুলিশ পাল্টা ছয় রাউন্ড গুলি চালায়। পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে অভিযুক্ত। এরপর তাঁকে দ্রুত আটক করে অনন্তপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
