আজ, ১৭ আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে এবং সেই যাচাইয়ের পর প্রায় ১৭ লক্ষ মহিলার আবেদন বাতিল করা হয়েছে। অন্যদিকে, চলতি মাসে মোট ১.৪৫ কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এই বিষয়টি ঘোষণা করেছেন।
অন্নপূর্ণা যোজনায় বাদ ১৭ লক্ষ মহিলার আবেদন
নবান্নের তরফে জানানো হয়েছে, আজ ১৭ আগস্ট থেকে আগামী ২০ আগস্টের মধ্যে রাজ্যের মোট ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা পাঠানো হবে। এই পর্যায়ে উপভোক্তাদের জন্য রাজ্য সরকারের খরচ হবে প্রায় ৪,৩৫০ কোটি টাকা। প্রথম ধাপে অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় ১ কোটি ৮০ লক্ষ মহিলা আবেদন করেছিলেন। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণামতো, ১০ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন, তাঁদেরই এই ধাপে টাকা দেওয়ার জন্য বিবেচনা করা হয়েছে। সেই অনুযায়ী মোট ১ কোটি ৬২ লক্ষ আবেদন যাচাই করা হয়। যাচাইয়ের পর প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছে এবং শেষ পর্যন্ত ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে তৃতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য যোগ্য হিসেবে ধরা হয়েছে।
১০ জুলাইয়ের পরও অন্নপূর্ণা যোজনার জন্য বহু আবেদন জমা পড়েছে, তাই সেই আবেদনগুলির তথ্য যাচাইয়ের কাজ এখনও চলছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ফলে এই মাসে কারও টাকা না ঢুকলেও পরের মাস থেকে পাওয়ার সুযোগ থাকবে। অন্যদিকে, যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁরাও অনলাইনে ফের আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া প্রায় ১৭ লক্ষ আবেদনের মধ্যে বড় একটি অংশে আধার কার্ডের তথ্যের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের মিল পাওয়া যায়নি। এই তথ্যের গরমিলের কারণেই প্রায় ১০ লক্ষ আবেদন বাতিল হয়েছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে বাকি যে সমস্ত মহিলার আবেদন বাতিল করা হয়েছে তাঁদের মধ্যে বেশিরভাগ সরকারি চাকরি করেন, কিংবা পরিবারের তরফ থেকে আয়কর প্রদান করা হয়। তবে তাঁরা নতুন করে আবারও আবেদন করতে পারবেন বলেই মন্ত্রী জানিয়েছেন। সেক্ষেত্রে সোশ্যাল রেজিস্টার পোর্টালে গিয়ে সরাসরি আবেদন জানানো যাবে। তখন যদি কোনও সমস্যা না হয়, তাহলে পুনরায় ভেরিফিকেশন করে তাঁদের তথ্য অনলাইন পোর্টালে তুলে দেওয়া হবে আর্থিক সহায়তা।
যাঁরা ১০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, তাঁদের এই ধাপে টাকা পাওয়ার সম্ভাবনা কম। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ওই সময়ের আবেদনগুলি ধাপে ধাপে যাচাই করা হবে এবং ভেরিফিকেশনে যোগ্য প্রমাণিত হলে তাঁদের প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টালও এখনই বন্ধ হচ্ছে না। আগামী ২০ আগস্ট থেকে ফের আবেদন করার সুযোগ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। তবে নতুন করে আবেদন করতে ইচ্ছুকদের ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বরের আগে আবেদন করা যাবে না।
