তামান্না খান, কলকাতাঃ পুজোর মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) কিস্তি কবে অ্যাকাউন্টে ঢুকবে, এখন সেটাই রাজ্যের মহিলাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার কথা জানালেও আগস্ট ও সেপ্টেম্বর মাসে ১৭ তারিখের পর কিস্তি ছাড়া হয়েছিল। গত মাসে প্রায় ১ কোটি ৫৬ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়েছিলেন। তবে সেপ্টেম্বর মাসে টাকা পেলেও অক্টোবরের কিস্তি নির্ধারিত সময়ে নাও মিলতে পারে। কারণ, রাজ্য সরকারের তরফে ফের উপভোক্তাদের তথ্য যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে।
অক্টোবরে বন্ধ হতে পারে অন্নপূর্ণা যোজনা
অগাস্ট মাস থেকেই রাজ্যের মহিলাদের তথ্য পুনরায় যাচাই করে আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল সরকার। তবে যোগ্য হওয়া সত্ত্বেও অনেক মহিলার অ্যাকাউন্টে এখনও ৩,০০০ টাকা না ঢোকায় বিভিন্ন জায়গায় বিডিও অফিস ও পুরসভায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি কোথাও কোথাও পথ অবরোধও করছেন উপভোক্তারা। প্রশাসনের তরফে অভিযোগ, প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অনেকেই আবেদনপত্রে ভুল তথ্য দিয়েছেন বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়ও জানিয়েছিলেন, বহু আবেদনকারী অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই আবেদন করায় প্রশাসনিক স্তরে জটিলতা তৈরি হচ্ছে। পাশাপাশি, কিছু আবেদনকারী তথ্য গোপন করে প্রকল্পের সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে।
সেই সূত্রে এবার প্রশাসনের আধিকারিকরা আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই শুরু করেছেন বলেই খবর। এমনকি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী মোট ১ কোটি ৬২ লক্ষ জমা পড়া আবেদনের মধ্যে প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রায় ২৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছিল। নবান্নের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শুধুমাত্র যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টেই এই প্রকল্পের অর্থ সহায়তা দেওয়া হবে। যার কারণে অক্টোবর মাসে পুনরায় তথ্য যাচাই করা হতে পারে বলে করা হচ্ছে অনুমান।
যদিও এখনও বহু মহিলার আবেদন ‘আন্ডার প্রসেস’ বা ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, তাই বলে তাঁদের চিন্তার কোনও কারণ নেই। প্রশাসনের তরফে তথ্য যাচাইয়ের পর যোগ্য উপভোক্তাদের দ্রুত অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকেও আশ্বস্ত করা হয়েছে, তথ্যের ভুল বা অন্য কোনও কারণে যাতে প্রকৃত ও যোগ্য উপভোক্তারা বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করেই চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। পাশাপাশি, সেবা সেতু শিবিরে গিয়েও বহু মহিলা নতুন করে আবেদন করেছেন। তাঁদের আবেদন ও তথ্য পুনরায় যাচাই করার পরই প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হবে।
