তামান্না খান, কলকাতাঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নতুন সরকার লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে। এই প্রকল্পে রাজ্যের মহিলাদের মাসিক দেড় হাজার টাকার পরিবর্তে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়। এরপর জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার।
সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে। সেই টাকা পাওয়ার পর থেকেই অক্টোবর মাসের কিস্তি নিয়ে চিন্তায় ছিলেন রাজ্যের মহিলারা। কারণ, ১৫ অক্টোবর থেকেই পঞ্চমীর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হওয়ায় পুজোর আগে টাকা পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পুজোর আগেই অনেক উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে বলে জানা যাচ্ছে।
অবশেষে পঞ্চমীর দিন থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। ১৫ অক্টোবর দুপুর ১২টা ৩৬ মিনিট থেকে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করে। তবে ওই দিন যাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাঁদের হতাশ হওয়ার কারণ নেই। কারণ, অক্টোবর মাসের কিস্তি দেওয়ার প্রক্রিয়া সবে শুরু হয়েছে। এই মাসে প্রায় ১ কোটি ৭০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পেতে পারেন। ফলে একসঙ্গে সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব নয়। পর্যায়ক্রমে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। তাই যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।
কতদিনের মধ্যে টাকা ঢুকবে?
পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় অসংখ্য ব্লক, গ্রাম ও মিউনিসিপ্যালিটি রয়েছে। পাশাপাশি, অন্নপূর্ণা যোজনার উপভোক্তার সংখ্যাও অনেক বেশি। তাই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছতে কিছুটা সময় লাগতে পারে। পঞ্চমী থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায়, সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছতে আনুমানিক সাত দিন সময় লাগতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে কেউ দুর্গাপুজোর দশমীর মধ্যে টাকা পেতে পারেন, আবার কারও ক্ষেত্রে আরও কিছুটা দেরি হতে পারে। সেই হিসাবে, ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবরের মধ্যে রাজ্যের অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছতে পারে বলে আশা করা হচ্ছে।
কারা অন্নপূর্ণার টাকা পাবেন না?
তবে অক্টোবর মাসে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সবাই নাও পেতে পারেন। যেসব মহিলার নথিপত্র যাচাই বা ভেরিফিকেশন এখনও সম্পূর্ণ হয়নি, তাঁদের টাকা পেতে দেরি হতে পারে। অন্যদিকে, অযোগ্য হওয়া সত্ত্বেও যাঁরা ভুল বা মিথ্যা তথ্য দিয়ে প্রকল্পের সুবিধা পাওয়ার দাবি করেছেন, যাচাইয়ের পর তাঁদের নামও উপভোক্তার তালিকা থেকে বাদ পড়তে পারে।
