অন্নপূর্ণা যোজনার টাকা কবে পাবেন? বড় বার্তা মুখ্যমন্ত্রীর

-

সাদিকুল খান, কলকাতাঃ সামনেই দুই কেন্দ্রের উপনির্বাচন, তাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সব দলের প্রার্থীরা। শুক্রবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হাঁসিরানী রথের সমর্থনে নির্বাচনী প্রচারে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা করলেন তিনি। যাঁরা এখনও এই প্রকল্পের টাকা পাননি, তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে কি না, কবে মিলতে পারে এবং এই বিষয়ে সরকারের পরিকল্পনাই বা কী—নির্বাচনী সভা থেকে তা স্পষ্ট করে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামে কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন?

নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে বিরুলিয়া মহেশ্বর বাজার এলাকায় আয়োজিত জনসভা থেকে অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এখনও পর্যন্ত নন্দীগ্রামে প্রায় ৭০ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। পাশাপাশি তাঁর দাবি, একজনকেও এই সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। অর্থাৎ, যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাননি, তাঁরাও টাকা পাবেন বলে জানিয়েছেন তিনি। তবে এর জন্য সরকারের নির্ধারিত নিয়ম মেনে সঠিকভাবে আবেদন করতে হবে এবং ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

- Advertisement -

যাঁরা এখনও টাকা পাননি, তাঁরা কি ৩,০০০ টাকা পাবেন?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এতটুকু বিচলিত হবেন না। আপনাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা ৫ মাসে বেশ কিছু কাজ করেছি। আগামী ৫৫ মাস অনেক লম্বা সময়। আমি ততদূর সময় নেব না। আর কিছু মাসের মধ্যে দেখবেন, অধিকাংশ কাজই আমরা সম্পূর্ণ করব।’’ তিনি আরও জানান, প্রান্তিক ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে ধীরে ধীরে মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

তাঁর দাবি, বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিতে ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা দেওয়ার কথাও জানান তিনি। কৃষকবন্ধু প্রকল্পে ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই যোগ্য কৃষকেরা টাকা পাবেন বলেও উল্লেখ করেন। পাশাপাশি আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা ৬০ হাজার টাকা করা হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে ৫৪ লক্ষের পাশাপাশি নন্দীগ্রামের আরও ১৩,৭০০ জন উপভোক্তা আবাস যোজনার ঘর পেতে চলেছেন বলে জানান তিনি। অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে তাঁর দাবি, এখনও পর্যন্ত রাজ্যে ১ কোটি ৫৮ লক্ষ এবং নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন মহিলা টাকা পেয়েছেন। বাকি যোগ্য মহিলাদেরও টাকা দেওয়া হবে এবং ভেরিফিকেশন ও অন্যান্য প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পথে রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘‘একজনকেও বঞ্চিত করব না।’’

- Advertisement -

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News