তামান্না খান, কলকাতাঃ পুজোর মাসে ১৫ তারিখ পেরিয়ে গেলেও এখনও অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। ফলে রাজ্যের মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, পুজোর আগে কি আদৌ মিলবে এই মাসের টাকা? আগামী ১৭ অক্টোবর থেকে সপ্তমীর ছুটি শুরু হওয়ায় টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। তবে এরই মধ্যে সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। জানা যাচ্ছে, এ মাসে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। কিন্তু কারা বাদ পড়তে পারেন এই তালিকা থেকে এবং কী কারণে বন্ধ হতে পারে টাকা?
অন্নপূর্ণা যোজনায় ফের বাদ লক্ষ লক্ষ মহিলার নাম
পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের অন্যতম জনদরদী প্রকল্প হিসেবে পরিচিত অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই এই প্রকল্পের চার মাসের কিস্তি উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা পড়েছে। আগস্ট মাসে ১ কোটি ৪৮ লক্ষ মহিলাকে টাকা দেওয়া হলেও সেপ্টেম্বরে উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ কোটি ৫৮ লক্ষে। গত মাসের ১৭ তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার কথা জানালেও চলতি মাসে কিস্তি নিয়ে এখনও স্পষ্ট কোনও আপডেট সামনে আসেনি।
আসলে অন্নপূর্ণা যোজনায় অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন গ্রহণ করা হয়েছিল। তবে ভুয়ো তথ্য দিয়ে আবেদন করার অভিযোগ সামনে আসতেই আগস্ট মাসে পুনরায় প্রত্যেকের তথ্য যাচাই করা হয়। সেই ধাপে বাদ পড়েছিল প্রায় ১৭ লক্ষ মহিলার নাম। এদিকে যাঁরা বিধবা ভাতার সুবিধা পাচ্ছিলেন, তাঁরাও অন্নপূর্ণা যোজনায় করেছিলেন আবেদন। প্রথমে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল, দুই প্রকল্পের সুবিধাই মিলবে একসাথে। তবে পরে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এক জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাঁরা বিধবা ভাতা পান, তাঁরা চাইলে অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পেতে পারেন। বর্তমানে বিধবা ভাতা প্রকল্পে মাসে ১,৫০০ টাকা দেওয়া হয়, সেখানে অন্নপূর্ণা যোজনায় মিলবে দ্বিগুণ অর্থ। তবে একজন মহিলা একই সঙ্গে দুটি প্রকল্পের সুবিধা পাবেন না। তাই বিধবা ভাতা থেকে নাম প্রত্যাহার করে অন্নপূর্ণা যোজনায় যুক্ত না হলে সংশ্লিষ্ট মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তে পারেন। এই কারণেই অক্টোবর মাসে বহু মহিলার নাম উপভোক্তাদের তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
