অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে এবার বড় ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। আগস্ট মাসে এখনও পর্যন্ত টাকা না পাওয়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ বাড়ছে। কোথাও পৌরসভা, কোথাও বিডিও অফিস আবার কোথাও এসডিও অফিস ঘেরাও করে বিক্ষোভও দেখাচ্ছেন মহিলারা। তাঁদের অভিযোগ, প্রাপ্য টাকা এখনও অ্যাকাউন্টে জমা পড়েনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভের মধ্যেই আগস্ট মাসে যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁদের উদ্দেশ্যে স্বস্তির বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শমীক ভট্টাচার্যের
হাওড়ার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে উপভোক্তাদের চিন্তার কোনও কারণ নেই। তাঁর দাবি, সিস্টেমের কিছু সমস্যার পাশাপাশি কোথাও কোথাও ফর্ম পূরণের ক্ষেত্রে গাফিলতি এবং কিছু ক্ষেত্রে সাবোটেজের অভিযোগ সামনে এসেছে। তবে যাঁরা ইতিমধ্যেই টাকা পেয়েছেন, তাঁরা নিয়মিত সুবিধা পাবেন বলেই জানিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর দাবি, আগামী দিনে আরও প্রায় ৫০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন। তাঁর কথায়, প্রত্যেক যোগ্য উপভোক্তাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এবং কেউ এই সুবিধা থেকে বাদ যাবেন না।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই তথ্য জমা দিলেই মিলতে পারে ৩ হাজার টাকা
শমীকের আরও সংযোজন, “বছরে ৩৬ হাজার টাকা তো আর কম নয়। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন লক্ষ লক্ষ পুরুষ। সরকারি কর্মচারীরা পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। আপনি কি এটা চান, যিনি স্কুলের শিক্ষিকা, যাঁর মাসিক বেতন ১ লক্ষ টাকার উপর, তিনিও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন? তিনিও কি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন? সেটা কি চান? সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট শুরু করা হয়েছে সাধারণ মানুষের জন্যই। তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাঁরা পাওয়ার, তাঁরা ঠিক পাবেন। কেউ বাদ যাবেন না অন্নপূর্ণা যোজনা থেকে। এখনই বিচলিত হবেন না।”
আরও পড়ুন: অগ্নিবীরদের জন্য ২০% সংরক্ষণ, স্কুল-কলেজে ফের NCC! বড় সিদ্ধান্ত রাজ্যের
উল্লেখ্য, গত ১৯ তারিখ পোর্টাল খুলে দেওয়ার পর অন্নপূর্ণা যোজনার বহু আবেদন বাতিল করে দেওয়া হয়েছে বা অনেকের ক্ষেত্রে পুনরায় ভেরিফিকেশন প্রয়োজন বলে দেখানো হচ্ছে। এই ঘটনায় রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশ করেছেন মহিলারা। তবে প্রশাসনের তরফে পুনরায় ভেরিফিকেশনের পর অনেক উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকেছে। যাঁরা এখনও টাকা পাননি, তাঁরা আবেদন নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর জমা দিয়ে পুনরায় ভেরিফিকেশন করাতে পারেন। উপভোক্তা যোগ্য হলে এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাঁর অ্যাকাউন্টে টাকা জমা পড়তে পারে। প্রথমে ২০ তারিখ পর্যন্ত টাকা দেওয়ার কথা জানানো হলেও পরে বলা হয়েছে, চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত যোগ্য উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে।
