তামান্না খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু হওয়ার চার মাস পূর্ণ হয়েছে। ইতিমধ্যেই মহিলারা তিন মাসের অর্থ সহায়তা পেয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, চলতি মাসের ১৭ তারিখ থেকে চতুর্থ মাসের টাকাও দেওয়া হবে। অন্যদিকে, এই মাস থেকেই বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা বেড়ে ১,৫০০ টাকা কার্যকর হয়েছে। তবে অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক প্রকল্প নিয়ে আজ বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। হলদিয়ার কদমতলার সভা থেকে তিনি জানিয়ে দেন, আগামী ৫৬ মাস শুধুমাত্র প্রতিশ্রুতি পূরণেই জোর দেবে রাজ্য সরকার।
এদিন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়নপত্র জমা দেওয়ার বিজয় সংকল্প সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছি, সেগুলি অক্ষরে অক্ষরে পূরণ করার দায়িত্ব আমার। মানুষের পেটে ভাত, মাথায় ছাদ, এ আমার অঙ্গীকার। আমি এটা পূরণ করব।” তিনি আরও জানান, ইতিমধ্যেই চার মাসে ৬৭ হাজার দিদি ও বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি, অর্ধসমাপ্ত বাড়িগুলির মধ্যে ৮ হাজার বাড়ির জন্য দ্বিতীয় কিস্তিতে ৬০ হাজার টাকা করে এবং আরও ১৩ হাজার নতুন বাড়ির জন্য প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করেন।
নন্দীগ্রাম ও হলদিয়ার উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ
মুখ্যমন্ত্রী বলেন, “জনকল্যাণ শিবিরে যারা নতুন জবকার্ড, বার্ধক্য ভাতা বা অন্যান্য সামাজিক কর্মসূচিতে আবেদন করেছিলেন, সেগুলি পূরণ করার কাজ আমরা করেছি। হরিপুরে ফায়ার ব্রিগেড স্টেশনও চালু করেছি। নন্দীগ্রাম ও হলদিয়ার টেন্ডারের প্রস্তুতি এবং রাইটার্সকে দিয়ে সমীক্ষার কাজ চলছে। প্রাথমিকভাবে মোট ১০০ কোটি টাকা বরাদ্দ করেছি আমরা। তাই এতটুকু বিচলিত হবেন না। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১,৯৫৬ ভোটে হারানোর পর নন্দীগ্রামের মানুষ যে অফিস ও পরিষেবাগুলি পেতেন, ২০২৬ সালে প্রায় ১০ হাজার ভোটে আমাকে জেতানোর জন্য সেই একই পরিষেবা ২০৩১ সাল পর্যন্ত দেওয়ার গ্যারান্টি শুভেন্দু অধিকারী আপনাদের দিয়ে গেলেন।”
আরও পড়ুন: নদীয়ার গ্রাম পঞ্চায়েতে ট্যাক্স কালেক্টর নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন করুন
উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার টাকা আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন। তবে সেক্ষেত্রে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই ডিবিটি লিংক থাকতে হবে। এর পাশাপাশি বার্ধক্য ভাতার টাকা চলতি মাসে প্রায় ৮২ লক্ষ উপভোক্তা পেয়েছেন বলেই জানিয়েছে রাজ্য সরকার।
