অন্নপূর্ণা যোজনা ও বার্ধক্য ভাতা নিয়ে বড় সুখবর, নতুন করে আবেদন কবে?

-

তামান্না খান, কলকাতাঃ সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ওইদিন রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালনের কথাও জানানো হয়েছে। পাশাপাশি, গত ৭ সেপ্টেম্বর থেকে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার বর্ধিত ১,৫০০ টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে এখন প্রশ্ন উঠছে, নতুন করে অন্নপূর্ণা যোজনা বা বার্ধক্য ভাতার জন্য কি আবেদন করা যাবে?

অন্নপূর্ণা যোজনা এবং বার্ধক্য ভাতা নিয়ে বড় আপডেট

অন্নপূর্ণা যোজনায় আবেদন প্রক্রিয়া ১ জুন থেকে শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চলেছিল। আগের দফায় ১ কোটি ৪৬ লক্ষ মহিলার আবেদন যাচাই করে ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তা ১৭ সেপ্টেম্বর থেকে দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, যাদের আবেদন বাতিল হয়েছে বা যারা আবেদন করতে পারেননি, তারা পরবর্তীতে আবার আবেদন করার সুযোগ পাবেন। তবে নতুন করে আবেদন করার পোর্টাল কবে খুলবে বা আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও ঘোষণা করা হয়নি।

- Advertisement -

তবে গত ৭ সেপ্টেম্বর নবান্ন থেকে বর্ধিত হারে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা এখনও অন্নপূর্ণা যোজনায় নাম তোলেননি বা অন্যান্য সরকারি প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য কিন্তু আবেদন করতে পারেননি, তারা ফের সুযোগ পাবেন। আগামী নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। তখন অন্নপূর্ণা যোজনাসহ অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন করা যাবে। তবে অনলাইনে কবে আবেদন শুরু হবে সে বিষয়ে জানানো হয়নি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনা ও বার্ধক্য ভাতার মতো প্রকল্পে যারা এখনও বঞ্চিত রয়েছেন, তাদের নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হবে। নভেম্বর বা ডিসেম্বর নাগাদ গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে দুই দিনের জনকল্যাণ শিবির আয়োজন করে সেখানে নতুন আবেদন নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই আবেদনের ভিত্তিতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এবং বিভিন্ন কারণে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত উপযুক্ত আবেদনকারীদের পরবর্তীতে তালিকায় যুক্ত করা হবে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News