“যোগ্য একজন মহিলাও বাদ যাবেন না”, অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতাকে কড়া জবাব মুখ্যমন্ত্রীর

-

তামান্না খান, কলকাতাঃ  আজ বিকেলে ফেসবুক লাইভে এসে অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যের প্রায় ৭৫ শতাংশ মহিলার ভাতা বন্ধ হয়ে গিয়েছে এবং এই প্রকল্পের নামে বিজেপি সরকার মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে। তবে মমতার এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সাংবাদিক বৈঠকে তিনি অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগগুলি ভিত্তিহীন বলে দাবি করেন।

মমতাকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী অধিকারী

আজ বিকেলে ফেসবুক লাইভে এসে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, আগে রাজ্যের ২ কোটি ৪২ লক্ষ মা-বোনকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হত এবং ভোটের আগের মার্চ মাসেও সেই টাকা দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর অভিযোগ, ভোটের পর প্রায় ৭৫ শতাংশ মহিলার ভাতা বন্ধ হয়ে গিয়েছে। মমতার আরও দাবি, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়ার সময় কোনও শর্তের কথা বলা হয়নি, অথচ এখন আবেদন করতে গেলে অনেক মহিলাকেই যোগ্যতা পূরণ না করার কারণ দেখিয়ে সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।

- Advertisement -
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই তথ্য জমা দিলেই মিলতে পারে ৩ হাজার টাকা

মমতার বক্তব্য সামনে আসতেই এদিন সাংবাদিক বৈঠকে জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ৪৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাঠানো হয়েছে। আমাদের সরকার ধর্মের বিভাজন করে না। এই প্রকল্পের আওতায় প্রায় ১৯ লক্ষ মুসলিম পরিবারের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পৌঁছেছে। যারা শুধুমাত্র রাজনীতি, হিন্দুত্ব বা মতুয়া সম্প্রদায়ের হওয়ার কারণে মানুষকে প্রতারিত করেছিল, তাদের মুখে এসব মানায় না।”

আরও পড়ুন: টাকা পাননি? চিন্তা নেই! অন্নপূর্ণা যোজনায় আরও ৫০ লক্ষ মহিলা পাবেন টাকা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, সরকারি সমস্ত নিয়ম মেনেই অন্নপূর্ণা যোজনার আবেদনগুলি স্ক্রুটিনি করা হচ্ছে এবং যোগ্য কোনও মহিলাকেই এই প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হবে না। তাঁর দাবি, বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ মহিলা আবেদন সংক্রান্ত অভিযোগ জানিয়েছেন, আর প্রতিটি অভিযোগই সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন দ্রুত নিষ্পত্তির বিষয়েও তিনি জানান, ইতিমধ্যেই নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অপেক্ষায় থাকা প্রায় ২ লক্ষ ৭ হাজার আবেদন ছাড়াও ভবিষ্যতে যাঁরা নতুন করে আবেদন করবেন, নিয়ম মেনে যোগ্য প্রত্যেক আবেদনকারীকে ভারতীয় নাগরিকত্বের অফিসিয়াল সার্টিফিকেট দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Breaking News