তামান্না খান, কলকাতা: রাজ্যের বহু মহিলা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাননি। অনেকের আবেদন তিনটির বেশি ঘর থাকার কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে যোগ্য মহিলাদেরও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে—এমন দাবি তুলে বিভিন্ন জায়গায় বিডিও অফিস ও পুরসভায় বিক্ষোভও চলছে। তবে টাকা না পাওয়া মহিলাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। আবেদন সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য নিজের অ্যাপ্লিকেশন নম্বর এবং মোবাইল নম্বর জমা দিয়ে আবেদনটির স্ট্যাটাস যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ফলে যাঁদের আবেদন যোগ্য হওয়া সত্ত্বেও টাকা ঢোকেনি, তাঁরা নির্দিষ্ট তথ্য জমা দিয়ে বিষয়টি খতিয়ে দেখার সুযোগ পাবেন।
অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে করুন এই কাজ
গত ১৯ তারিখ অন্নপূর্ণা যোজনার পোর্টাল খোলার পর অনেকের আবেদন স্ট্যাটাসে রিজেক্টেড দেখাচ্ছে। আবার কিছু মহিলার আবেদন এখনও ‘Further Enquiry’ পর্যায়ে রয়েছে। তাঁদের ক্ষেত্রে তথ্য পুনরায় যাচাই করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট পৌরসভা বা বিডিও অফিস। রাজ্যজুড়েই এখন অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের তথ্য নতুন করে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। তাঁর বক্তব্য অনুযায়ী, নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন সংক্রান্ত তথ্য জমা দিয়ে যাচাইয়ের সুযোগ রয়েছে এবং যোগ্য প্রাপক হিসেবে বিবেচিত হলে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা মাসিক সুবিধা পাওয়া যাবে।
তিনি জানিয়েছেন, সকল দায়িত্ববান পদাধিকারী, বুথ সভাপতি, কর্মকর্তা, এবং সাধারণ জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সমস্ত উপভোক্তার অন্নপূর্ণা যোজনার টাকা এখনও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি, সেই সমস্ত উপভোক্তার তথ্য দ্রুত সংগ্রহ করে বিধায়কের অফিসে জমা দিতে হবে। এমনকি মহিলাদের নাম, অ্যাপ্লিকেশন নম্বর এবং মোবাইল নম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিধায়কের অফিসের ঠিকানাও দেওয়া হয়েছে। হারিট বিধায়ক কার্যালয়, বাঁশবেড়িয়া হংসেশ্বরী গেস্ট হাউসের অফিসে গিয়েই মহিলাদের তথ্য জমা দিতে হবে বলে জানানো হয়েছে। তবে এটি শুধুমাত্র সপ্তগ্রাম বিধানসভার মহিলাদের জন্যই প্রযোজ্য।
তবে শুধু সপ্তগ্রাম নয়, রাজ্যের অন্যান্য বিধানসভা এলাকার মহিলাদের জন্যও অন্নপূর্ণা যোজনার আবেদন সংক্রান্ত তথ্য পুনরায় যাচাইয়ের ব্যবস্থা করা হচ্ছে। যাঁরা এখনও টাকা পাননি, তাঁরা স্থানীয় বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে নিজেদের প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারবেন। তবে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে হলে রাজ্য সরকারের নির্ধারিত সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। জানা গিয়েছে, চলতি মাসের ১৭ থেকে ২০ আগস্টের মধ্যে অনেকের অ্যাকাউন্টে অর্থ সহায়তা পাঠানো হয়েছে। আর যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের তথ্য পুনরায় যাচাই করে আগামী ২৮ আগস্টের মধ্যে ৩,০০০ টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। তবে এই সুবিধা পেতে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
