তামান্না খান, কলকাতাঃ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও বিক্ষোভ ও আন্দোলন চলছে। কোথাও বিডিও অফিস, কোথাও এসডিও অফিস, আবার কোথাও পৌরসভা ঘেরাও করে নিজেদের দাবি জানাচ্ছেন মহিলারা। তাঁদের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। যদিও রাজ্য সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, কোনও যোগ্য উপভোক্তাই এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন না। এর মধ্যেই বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় দুই মহিলা-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে পাবেন ৩০০০ টাকা?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ দেখানোয় গ্রেফতার দুই মহিলা
ঘটনাটি ঘটেছে করিমপুরে। অভিযোগ, শুক্রবার অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে করিমপুর-২ ব্লক প্রশাসনিক দফতরে শতাধিক মহিলা ও পুরুষ বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। এমনকি প্রশাসনিক দফতরের মূল গেটে তালা লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। পাশাপাশি সরকারি কর্মীদের মারধর, প্রশাসনিক কাজে বাধা দেওয়া এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলার মতো গুরুতর অভিযোগও রয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এরপর ব্লক প্রশাসনের পক্ষ থেকে করিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল দুই মহিলা-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে করিমপুর থানার পুলিশ।
জানানো হয়, বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন ব্লক অফিসের ভিতরে ঢুকেই সরকারি কর্মচারীদের মারধর করা শুরু করে। এমনকি কাগজপত্র ছিঁড়ে দিয়ে সরকারি কাজে বাধা দেওয়া হয়। সেই সূত্র ধরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, অন্নপূর্ণা যোজনার টাকা নির্ধারিত সময়ে ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগেই তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই তথ্য জমা দিলেই মিলতে পারে ৩ হাজার টাকা
তবে শুধু করিমপুর নয়, বরং রাজ্যের একাধিক জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আন্দোলনে নেমেছেন মহিলা থেকে শুরু করে পুরুষরা। এদিন কালিগঞ্জ ব্লক অফিস চত্বরে বিক্ষোভে সামিল হয়েছিল সিপিএমের সমর্থকরা। এমনকি সেখানে কয়েকশো মহিলা অংশগ্রহণ করেন। বিডিও অফিসের সামনে জড়ো হয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে থাকেন তারা। যদিও রাজ্য সরকার বারবার আশ্বাস দিচ্ছে, উপভোক্তাদের তথ্য ভেরিফিকেশন করে ৩১ তারিখের মধ্যেই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।
