তামান্না খান, কলকাতাঃ অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বড় পদক্ষেপ রাজ্য প্রশাসনের। আবেদন করার পরও বহু মহিলার অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েনি বলে অভিযোগ। এমনকি প্রথম দু’মাস ভাতা পাওয়ার পরও আগস্টে অনেক উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও অবরোধের ঘটনাও ঘটছে। কোথাও কোথাও সরকারি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে সমস্যায় থাকা উপভোক্তাদের জন্য এবার বিশেষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
অন্নপূর্ণা যোজনা না পাওয়া মহিলাদের জন্য নয়া উদ্যোগ রাজ্য সরকারের
অনলাইন বা অফলাইনে আবেদন করার পরও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ রয়েছে বহু মহিলার। যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না মেলায় স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে এবং অনেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন। এই পরিস্থিতিতে উপভোক্তাদের সমস্যার সমাধান করতে এবার জেলায় জেলায় হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন পুরসভা ভবনে এই হেল্প ডেস্ক খোলা হয়েছে, যেখানে মহিলারা সরাসরি তাঁদের অভিযোগ জানাতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য যাচাই বা সংশোধনের সুযোগ পাবেন। হেল্প ডেস্ক চালুর প্রথম দিনেই সেখানে উপভোক্তাদের ব্যাপক ভিড় দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে পাবেন ৩০০০ টাকা?
শুধু তাই নয়, রাজ্যের অন্যান্য পুরসভাতেও অন্নপূর্ণা যোজনার যোগ্য মহিলাদের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। তথ্যের কোনও ভুল থাকলে তা সংশোধন করে পোর্টালে ফের আপলোড করার পর অনেক ক্ষেত্রেই দ্রুত টাকা জমা পড়ছে বলে জানা যাচ্ছে। উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভাতেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে মহিলারা আন্দোলনে নেমেছিলেন। এরপর পুরসভার তরফে তাঁদের তথ্য পুনরায় ভেরিফাই করা হয় এবং সেই দিনই বেশ কয়েকজনের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়েছে বলে জানা গিয়েছে। এক উপভোক্তার দাবি, প্রথম দু’মাস অন্নপূর্ণার টাকা না পাওয়ার পর তাঁর স্ট্যাটাসে ‘Further Verification’ দেখাচ্ছিল। পরে পুরসভায় গিয়ে আবেদনপত্রের প্রয়োজনীয় তথ্য সংশোধন করে জমা দেওয়ার পরই তাঁর অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়।
