রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana)সুবিধা পাওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। এবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শুধু স্থায়ী সরকারি কর্মচারীরাই নন, সরকারি খাত থেকে পারিশ্রমিক পাওয়া আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্বশিক্ষক এবং সিভিক ভলান্টিয়াররাও এই প্রকল্পের আর্থিক সুবিধার আওতায় থাকবেন না। অর্থাৎ এই শ্রেণির কর্মীরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না বা প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন না।
ভাতার সুবিধা পাবেন না সিভিক, আশাকর্মীরা (Annapurna Yojana)
অন্নপূর্ণা যোজনার নিয়মে শুরু থেকেই বলা ছিল, সরকারি চাকরিজীবী এবং আয়করদাতারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে এবার সেই নিয়ম আরও কঠোর করা হয়েছে। গত বুধবারের একটি পর্যালোচনা বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, সরকারি খাত থেকে সম্মানী বা পারিশ্রমিক পান এমন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্বশিক্ষক এবং সিভিক ভলান্টিয়াররাও অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধার আওতার বাইরে থাকবেন। সরকারের দাবি, প্রকল্পের অর্থ যাতে প্রকৃত দরিদ্র ও প্রান্তিক পরিবারের যোগ্য মহিলাদের কাছেই পৌঁছায়, সেই লক্ষ্যেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবেদন বাতিল হতে পারে এদের
নতুন বিজ্ঞপ্তিতে অন্নপূর্ণা যোজনার যোগ্যতার শর্ত আরও কঠোর করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আবেদনকারীর পরিবারের কোনও সদস্য যদি সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হন, অথবা পরিবারের কেউ আয়কর দেন, তাহলে আবেদন বাতিল হতে পারে। এছাড়া পরিবারের কারও GST নম্বর থাকলে, বাড়িতে তিনটি বা তার বেশি পাকা ঘর থাকলে কিংবা ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলেও আবেদনকারীর বাড়িতে গিয়ে সরেজমিনে যাচাই করা হবে। সেই যাচাইয়ের রিপোর্টের ভিত্তিতেই সংশ্লিষ্ট আধিকারিকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন জানান, আগের সরকারের আমলে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন। কিন্তু এবার বিভিন্ন জেলা থেকে অভিযোগ আসছে, আমাদের মত যাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা এসেছে, তাঁদের সেই টাকা ফেরত দিতে বলা হচ্ছে। তবে ভাতা না মিললেও আগস্ট থেকে মাসিক বেতন বাড়তে চলেছে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের। আশা কর্মীদের সাম্মানিক বেড়ে হবে ১১ হাজার ২৫০ টাকা। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিক বেড়ে দাঁড়াবে ১৪ হাজার টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের সাম্মানিক বেড়ে দাঁড়াবে ১১ হাজার ৮০০ টাকা।
