‘সব সুবিধা সকলের জন্য নয়’, অন্নপূর্ণা যোজনার বিক্ষোভে তৃণমূলকে তোপ দিলীপ ঘোষের

-

সাদিকুল খান কলকাতা: বিগত কয়েকদিন ধরে রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’র (Annapurna Yojana) টাকা না পাওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় ক্ষোভ বাড়ছে। প্রতিশ্রুতি অনুযায়ী টাকা না মেলায় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বহু মহিলা। কোথাও রেল অবরোধ, কোথাও পথ অবরোধ, আবার কোথাও পঞ্চায়েত ও পুরসভা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখানো হচ্ছে। পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। এবার মহিলাদের এই বিক্ষোভের জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

তৃণমূলকেই টার্গেট করলেন দিলীপ ঘোষ

আজ, শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানেই অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে মহিলাদের বিক্ষোভ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি এর জন্য পূর্বতন তৃণমূল সরকারকে দায়ী করেন। দিলীপ ঘোষের বক্তব্য, দীর্ঘদিন ধরে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো প্রকল্পের সুবিধা পাওয়ার অভ্যাস তৈরি হয়েছে। তাঁর কথায়, “অভ্যাস হয়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। এটাও জানা উচিত, সব সুবিধা সকলের জন্য নয়।” তিনি আরও বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে এবং প্রতিটি প্রকল্পের নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতার মাপকাঠি রয়েছে। সেই মাপকাঠির মধ্যে যাঁরা পড়বেন, তাঁরাই সুবিধা পাবেন। দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল সরকার ‘দানধ্যান সবাইকে দেওয়া হবে’—এমন একটি অভ্যাস তৈরি করেছে, যা তাঁর মতে ঠিক নয়। তাঁর বক্তব্য, “দানধ্যান সবাইকে দেওয়া হবে, এই অভ্যাসটা খারাপ করে দিয়েছে তৃণমূল। এটা সবাইকে বুঝতে হবে। এটা চলতে পারে না।”

- Advertisement -

দফায় দফায় বিক্ষোভ মহিলাদের

রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ করলে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। গত ১৭ আগস্ট থেকে তৃতীয় দফায় এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার। অনেক উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গেলেও, অভিযোগ উঠেছে যে মাস তিনেক আগে আবেদনপত্র জমা দিয়েও এখনও বহু মহিলা এই সুবিধা পাননি। আর এই বঞ্চনার অভিযোগকে কেন্দ্র করেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ক্রমশ বাড়ছে। জেলায় জেলায় মহিলারা বিক্ষোভে সামিল হচ্ছেন। কোথাও রাস্তা, আবার কোথাও রেললাইন অবরোধ করেও প্রতিবাদ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা শাসকদের বৈঠক মাঝপথে থামিয়ে নিচে নেমে এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন তিনি। অগ্নিমিত্রা পাল দাবি করেন, আবেদন আপলোড করতে কিছুটা সময় লাগছে। একইসঙ্গে তিনি এই বিক্ষোভের নেপথ্যে তৃণমূলের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন। তাঁর কথায়, “আমার মা-বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। আবেদন আপলোড করতে একটু সময় লাগবে। বলতে খারাপ লাগছে, অনেক তৃণমূলের লোক ভিতরে বসে রয়েছে। অনেক গণ্ডগোল পাকাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি।” তবে সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হলেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যজুড়ে এখনও মহিলাদের বিক্ষোভ থামেনি।

Breaking News