পিঙ্কি সরকার, কলকাতা: অন্নপূর্ণা যোজনা নিয়ে বর্তমানে রাজ্যে ভিন্ন ভিন্ন ছবি সামনে আসছে। একদিকে, সরকারি ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যেই অনেক মহিলা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। এমনকি অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাওয়ার আনন্দে কোচবিহারের মাথাভাঙ্গার কয়েকজন মহিলাকে হনুমান মন্দিরে পুজো দিতেও দেখা গিয়েছে। অন্যদিকে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা না পাওয়ায় বিভিন্ন পৌরসভা এলাকায় মহিলাদের বিক্ষোভের ছবিও সামনে এসেছে। এই পরিস্থিতির মধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া ও না পাওয়া নিয়ে প্রকাশ্যে এসেছে নতুন আপডেট।
অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) হওয়া ত্রুটি নিয়ে যা জানালেন মুখ্যমন্ত্রী
গত ১৮ আগস্ট কলকাতার মহাজাতি সদনে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যোগ্য মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার বিষয়ে সরকার বদ্ধপরিকর। তিনি স্বীকার করেন, নতুন সরকার মাত্র তিন মাসের হওয়ায় কাজের ক্ষেত্রে কিছু ভুল-ত্রুটি থেকে যেতে পারে। তবে সেগুলি ধীরে ধীরে সংশোধন করে সরকার এগিয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত মহিলাদের আশ্বস্ত করেছেন। তাঁর বক্তব্য, সরকারের এখনও মাত্র ১০০ দিন হয়েছে, তাই কিছু ভুল-ত্রুটি হওয়া স্বাভাবিক। এজন্য সরকারকে কিছুটা সময় দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন।
সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা?
আগস্ট মাসে ইতিমধ্যেই যাচাই-বাছাইয়ের পর যোগ্য হিসেবে চিহ্নিত বহু মহিলা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়ে গিয়েছেন। তবে সেপ্টেম্বর মাসের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, তা নিয়ে উপভোক্তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে জানিয়েছেন, যাচাই প্রক্রিয়ার মাধ্যমে যাঁরা যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়বে। ফলে সেপ্টেম্বর মাসেও যোগ্য উপভোক্তারা ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন বলে জানানো হয়েছে।
তৈরি হবে অন্নপূর্ণা বাহিনী
গত মঙ্গলবার, কলকাতার মহাজাতি সদনে দাঁড়িয়ে অন্নপূর্ণা বাহিনী নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, প্রত্যেকটি ওয়ার্ডে নারী সমাজ অর্থাৎ সাধারণ নারীদের নিয়ে তৈরি হবে এই অন্নপূর্ণা বাহিনী। এই বাহিনীর প্রধান কাজ হবে, নারীদের সুরক্ষা নিশ্চিত করা, রাজ্য সরকারের সহযোগী হিসেবে কাজ করা এবং টুকরে গ্যাং এর মতো গোষ্ঠীগুলি সমাজে অস্থিরতা বা বিশৃঙ্খলা তৈরি করলে সেগুলির বিরুদ্ধে নজরদারি চালানো। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর খুব শীঘ্রই কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে ওয়ার্ডে ওয়ার্ডে তৈরি হবে অন্নপূর্ণা বাহিনী।
