তামান্না খান, কলকাতাঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে আগস্ট মাসে যে ভেরিফিকেশন ও যাচাইয়ের প্রয়োজন ছিল, তার বেশিরভাগই ইতিমধ্যে শেষ হয়েছে। আগস্টে রাজ্যের বেশিরভাগ যোগ্য মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকেছে। ফলে যাঁরা আগস্টের কিস্তি পেয়েছেন, তাঁদের সেপ্টেম্বরের টাকা নিয়ে আপাতত চিন্তার কারণ নেই। এখন স্বাভাবিকভাবেই উপভোক্তাদের মনে একটাই প্রশ্ন—সেপ্টেম্বর মাসের ৩,০০০ টাকা ঠিক কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে?
সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা?
জুন মাস থেকেই এই প্রকল্পের সুবিধা পাওয়া শুরু হয়েছে। প্রথম মাসে প্রায় ২৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছিলেন। এরপর জুলাই মাসে প্রায় ১ কোটি ১০ লক্ষ এবং আগস্ট মাসে প্রায় ১ কোটি ৪৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। এবার সেপ্টেম্বর মাসে চতুর্থ কিস্তির পালা। তাই মাসের প্রথম দিনেই অনেকের মনে প্রশ্ন উঠছে—১ সেপ্টেম্বর থেকেই কি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা দেওয়া শুরু হবে? আর যাঁরা আগস্ট মাসের টাকা এখনও পাননি, তাঁদের ক্ষেত্রেই বা কবে টাকা ঢুকবে?
গত মাসের ১৭ তারিখের পর থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগস্ট মাসে মোট ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭৪ জন মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছেন। তবে এখনও অনেক মহিলার আবেদন ‘Under Process’ বা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। অর্থাৎ, তাঁদের অ্যাকাউন্টে আগস্ট মাসের কিস্তির টাকা এখনও ঢোকেনি। যদিও রাজ্য সরকারের তরফে বারবার আশ্বস্ত করা হয়েছে যে, এতে চিন্তার কোনও কারণ নেই। আবেদনকারীদের তথ্য ও নথি যাচাই করে তাঁরা যোগ্য প্রমাণিত হলে পরবর্তী সময়ে তাঁদের অ্যাকাউন্টেও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাঠানো হবে।
এবার প্রশ্ন, সেপ্টেম্বর মাসের ৩,০০০ টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। সেই অনুযায়ী অনুমান করা হচ্ছে, যাঁরা আগস্টের কিস্তি পেয়েছেন, তাঁদের সেপ্টেম্বরের টাকা ১০ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অ্যাকাউন্টে ঢুকতে পারে। তাই লক্ষ্মীর ভাণ্ডারের মতো মাসের ৭ বা ৮ তারিখের মধ্যেই টাকা পাওয়ার আশা না করাই ভালো। কারণ, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে রাজ্য সরকার আগেই দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার কথা জানিয়েছে। তবে আপনার আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা সোশ্যাল রেজিস্ট্রির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাচাই করে নিতে পারেন। আবেদন ‘Under Process’ দেখালে নিকটবর্তী পৌরসভা বা বিডিও অফিসে যোগাযোগ করে প্রয়োজনে তথ্য ও নথি পুনরায় যাচাই করিয়ে নিতে পারেন।
