অন্নপূর্ণা যোজনায় ‘Rejected’ দেখাচ্ছে? কোন স্ট্যাটাসের কী অর্থ, জেনে নিন

-

পিঙ্কি সরকার, কলকাতা: দীর্ঘ প্রায় ২০ দিন বন্ধ থাকার পর অবশেষে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল অর্থাৎ সোশ্যাল রেজিস্ট্রি ফের চালু হয়েছে। পোর্টাল খুলতেই বহু মহিলার আবেদনের স্ট্যাটাসে বাতিল দেখাচ্ছে। শুধু তাই নয়, কোন কারণে আবেদন বাতিল হয়েছে, সেটিও পোর্টালে উল্লেখ করা হচ্ছে। তবে যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্য নতুন করে আবেদন করার সুযোগ রয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এই পরিস্থিতিতে অনেক আবেদনকারীই বুঝতে পারছেন না, পোর্টালে দেখানো বিভিন্ন স্ট্যাটাসের অর্থ কী এবং কোন স্ট্যাটাস থাকলে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাওয়া যাবে।

একনজরে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস

গত ৩১ জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল অর্থাৎ সোশ্যাল রেজিস্ট্রি বন্ধ রাখা হয়েছিল। সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছিলেন, আবেদনকারী মহিলাদের তথ্য আলাদাভাবে যাচাই করার কাজ চলছিল বলেই পোর্টাল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এদিকে ১৭ আগস্ট থেকে উপভোক্তাদের টাকা দেওয়া শুরু হওয়ায় এবং ২০ আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার প্রক্রিয়া চলার কথা থাকায়, ঘোষণা অনুযায়ী ১৯ আগস্টের পর পোর্টাল ফের চালু করার কথা জানানো হয়েছিল। সেই মতোই আজ বিকেল পাঁচটার পর থেকে সোশ্যাল রেজিস্ট্রির পোর্টাল আবার খুলে দেওয়া হয়েছে।

- Advertisement -

এখন আবেদনকারীরা আগের মতোই নিজেদের স্ট্যাটাস চেক করতে পারছেন এবং আবেদনের বর্তমান অবস্থা জানতে পারছেন। পোর্টালে মূলত ‘Approved’, ‘Rejected’ এবং ‘For Further Verification’—এই তিন ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। ‘Approved’ দেখালে বুঝতে হবে আবেদনটি অনুমোদিত হয়েছে এবং যোগ্য উপভোক্তা হিসেবে এই মাসের টাকা পাওয়ার কথা। ‘Rejected’ দেখালে আবেদনটি বাতিল করা হয়েছে, অর্থাৎ এই আবেদনের ভিত্তিতে টাকা পাওয়া যাবে না। তবে বাতিল হওয়ার কারণও পোর্টালে দেখা যাবে এবং নিয়ম অনুযায়ী পুনরায় আবেদন করার সুযোগ থাকতে পারে। অন্যদিকে, ‘For Further Verification’ স্ট্যাটাসের অর্থ হল আবেদনকারীর তথ্য নিয়ে আরও একবার যাচাই করা হবে। তাই এই স্ট্যাটাস দেখালেই আবেদন বাতিল হয়েছে এমনটা নয়; পরবর্তী ভেরিফিকেশনের পর আবেদনটি অনুমোদিত বা বাতিল হতে পারে।

তবে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনায় যে প্রায় ১৭ লক্ষ মহিলার আবেদন বাতিল করা হয়েছিল, তাঁদের মধ্যে সিংহভাগ অর্থাৎ প্রায় ১০ লক্ষ মহিলার আবেদনে আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত ত্রুটি ছিল। এছাড়াও শহরাঞ্চলে তিনটির বেশি পাকা ঘর থাকা আবেদনকারীদেরও অনেকের আবেদন বাতিল হয়েছে। পাশাপাশি আয়কর প্রদানকারী কিংবা সরকারি চাকরির সঙ্গে যুক্ত কিছু মহিলার আবেদনও প্রকল্পের নিয়ম অনুযায়ী বাতিল করা হয়েছে। তবে আবেদন বাতিল হলেও বিষয়টি এখানেই শেষ নয়। যাঁরা প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করেন এবং বাতিলের কারণ সংশোধন করতে পারবেন, তাঁদের পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হবে। তাই স্ট্যাটাসে ‘Rejected’ দেখালে প্রথমে আবেদনের বাতিলের কারণ দেখে প্রয়োজনীয় সংশোধন করে নতুন করে আবেদন করার প্রস্তুতি নেওয়া উচিত।

Breaking News