তামান্না খান, কলকাতাঃ আগস্ট মাসের ২৯ তারিখ পেরিয়ে গেলেও এখনও অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা অনেক মহিলার অ্যাকাউন্টে ঢোকেনি। বিশেষ করে যাঁদের আবেদন এতদিন ‘Under Process’ অবস্থায় ছিল, তাঁদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। কারণ, পুনরায় যাচাই-বাছাইয়ের পর যোগ্য বিবেচিত হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হলেও অনেকেই এখনও টাকা পাননি। এরই মধ্যে অভিযোগ উঠছে, ‘Under Process’ থাকা কিছু মহিলার নাম বেনিফিশিয়ারি লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে এবং তাঁদের আবেদনে নতুন ধরনের স্ট্যাটাসও দেখা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যাঁদের আবেদন এখনও প্রক্রিয়াধীন বা নতুন স্ট্যাটাস দেখাচ্ছে, তাঁরা কি শেষ পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন?
আন্ডার প্রসেস থাকলে আদৌ কি মিলবে টাকা?
আন্ডার প্রসেস পর্যায়ে যে সমস্ত মহিলার আবেদন ছিল, তাঁদের নাম পুনরায় যাচাই করা হবে বলেই জানিয়েছিল রাজ্য সরকার। তবে সম্প্রতি রাজ্যের বেশ কিছু প্রান্ত থেকে অভিযোগ আসছে, আন্ডার প্রসেস তালিকা থেকে আবেদনকারীর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন, তাঁর নামই পোর্টাল থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি উপরে নতুন একটি বার্তাও দেখা যাচ্ছে “Failed to Fetch Beneficiary Status History”। যাঁদের স্ট্যাটাস আন্ডার প্রসেস পর্যায়ে ছিল, তাঁদের বেশিরভাগই অভিযোগের কথা জানাচ্ছেন।
তবে ‘Failed to Fetch Beneficiary Status History’ বার্তা দেখালেই যে আবেদন বাতিল হয়ে গিয়েছে, এমনটা ধরে নেওয়ার কারণ নেই। পাওয়া তথ্য অনুযায়ী, এটি সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালের কোনও প্রযুক্তিগত সমস্যার কারণে সাময়িকভাবে দেখা দিতে পারে। এমনও দেখা গিয়েছে, কিছু সময় পর সংশ্লিষ্ট আবেদনকারীদের স্ট্যাটাস আবার ‘Under Process’ পর্যায়ে ফিরে এসেছে। তাই আপাতত আতঙ্কিত না হয়ে কিছুদিন অপেক্ষা করাই ভালো। আবেদনটি রাজ্য সরকারের তরফে পুনরায় যাচাই করা হলে এবং আবেদনকারীকে যোগ্য বলে বিবেচনা করা হলে, নিয়ম অনুযায়ী পরবর্তী মাস থেকে মাসিক ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছেন, অন্নপূর্ণা সংক্রান্ত সমস্যার জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে এবং সেখানে এখনও পর্যন্ত সাড়ে ৪ লক্ষ অভিযোগ জমা পড়েছে। তাঁর দাবি, নতুন করে সুবিধাভোগীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়েও বহু আবেদন এসেছে। ৩১ আগস্টের পর সমস্ত তথ্য পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি জানিয়েছেন। ফলে যাঁদের আবেদন এখনও ‘Under Process’ রয়েছে, তাঁদের তথ্যও ৩১ আগস্টের পর যাচাই-বাছাই করা হতে পারে। আবেদনকারী যোগ্য হিসেবে বিবেচিত হলে সেপ্টেম্বর থেকে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
