পিঙ্কি সরকার, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, ১৭ আগস্ট অর্থাৎ সোমবার থেকেই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তবে রাজ্যের তরফে কিস্তির টাকা ছাড়ার পরেও অনেকেই এখনও সেই অর্থ পাননি। শুধু টাকা না পাওয়াই নয়, অনেকের নাম কেন তালিকা থেকে বাদ পড়েছে, সেটিও পরিষ্কার নয়। ফলে নতুন করে আবেদন করবেন, নাকি আগের আবেদনের তথ্য নিয়ে সরকারি দফতরে যোগাযোগ করবেন, তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। তবে এক্ষেত্রে নতুন করে আবেদন করার আগে প্রথমে কেন টাকা পাননি বা কেন নাম বাদ পড়েছে, সেই কারণটি যাচাই করে নেওয়া জরুরি।
আর পড়ুন: বাড়ি বসেই আধারের ইমেল অ্যাড্রেস আপডেট করুন, রইল সহজ পদ্ধতি
অন্নপূর্ণা যোজনা থেকে কেন নাম বাদ
অনেক মহিলাই অভিযোগ করছেন, সরকারের তরফে টাকা দেওয়ার ঘোষণা হওয়ার পরেও অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে তাঁদের নাম বাদ গিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১৭ লাখের কাছাকাছি নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা যাচ্ছে। ফলে কেন তাঁদের নাম কাটা গেল, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেক আবেদনকারী। তবে সরকারি সূত্র অনুযায়ী, আবেদনকারীরা চাইলে নিজেরাই অনলাইনে দেখে নিতে পারবেন ঠিক কী কারণে তাঁদের নাম অন্নপূর্ণা যোজনার প্রাপকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে শুরু থেকেই জানানো হয়েছে, কোনও যোগ্য আবেদনকারীকে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। আবেদনকারীর নথিপত্রে কোনও সমস্যা না থাকলে এবং তিনি প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করলে অবশ্যই টাকা পাওয়ার কথা। কিন্তু তারপরেও যদি কোনও যোগ্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা না ঢোকে, তাহলে নতুন করে আবেদন করার আগে প্রথমে নাম বাদ যাওয়ার কারণ যাচাই করে নেওয়া উচিত।
আর পড়ুন: ভারি বৃষ্টির জেরে ২ দিন স্কুল বন্ধ, বড় ঘোষণা রাজ্য সরকারের
কীভাবে দেখবেন?
এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার পোর্টাল বন্ধ থাকলেও আগামীকাল, অর্থাৎ ১৯ আগস্ট থেকে সেটি আবার চালু হতে পারে। জানা যাচ্ছে, পোর্টালটি খুললে অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা অনলাইনে তার কারণ জানতে পারবেন। সেখানে আবেদনকারীর নামের পাশাপাশি আবেদন বাতিল বা বাদ যাওয়ার কারণও উল্লেখ করা থাকবে। ফলে আগামীকাল পোর্টাল চালু হওয়ার পর সংশ্লিষ্ট মহিলারা সেখানে গিয়ে নিজেদের আবেদন সংক্রান্ত তথ্য যাচাই করে দেখতে পারবেন।
তবুও বলে রাখি, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করার পর সাধারণত প্রকল্প থেকে নাম বাদ পড়ে না। তবে যদি সমস্ত যোগ্যতা পূরণের পরেও নাম বাদ গিয়ে থাকে সে ক্ষেত্রে সেটা যান্ত্রিক ত্রুটি বা নথিপত্রের সমস্যা হতে পারে। এছাড়াও অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে নাম বাদ পড়ার সম্ভাব্য কারণ হতে পারে কর প্রদান। অর্থাৎ কেউ করদাতা হয়ে থাকলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। একই সাথে 10 হাজার টাকার থেকে সামান্য বেশি আয় হলেও এই প্রকল্পের সুবিধা মিলবে না। পাশাপাশি বাড়িতে ভেরিফিকেশনের জন্য এসে যদি আবেদনকারীকে না পাওয়া যায়, সেক্ষেত্রেও বাতিল হতে পারে আবেদন।
