কুসুম দাস, কলকাতাঃ বর্তমান ব্যস্ত জীবনে অনিয়মিত খাদ্যাভ্যাস এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। ভাজাভুজি, তেল-মশলাদার খাবার এড়িয়ে চলা অনেকের পক্ষেই কঠিন। তাই সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখা জরুরি। কিন্তু অনেকেই ফল খেতে পছন্দ করেন না, বিশেষ করে বাড়ির ছোটরা ফল দেখলেই মুখ ঘুরিয়ে নেয়। এই সমস্যার সমাধান করতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু টক-ঝাল-মিষ্টি আপেল চাট (Apple Chaat)।
আপেল চাট বানাতে কী কী উপকরণ লাগবে?
আপেল চাট বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। বাড়িতেই সহজে পাওয়া যায় এমন কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এই সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার। এর জন্য লাগবে লাল ও সবুজ আপেল, সামান্য আদা, চাট মশলা, বিট নুন, লেবুর রস, মধু, পুদিনা পাতা, ভাজা জিরে গুঁড়ো এবং স্বাদমতো চিলি ফ্লেক্স।
বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু আপেল চাট
আপেল চাট তৈরি করতে প্রথমে আদার খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিন। এরপর একটি পাত্রে আদা, ১ চা চামচ চাট মশলা, ১ চা চামচ বিট নুন, ২ চা চামচ লেবুর রস এবং ১ চা চামচ মধু দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিন। এবার ২টি লাল আপেল ও ১টি সবুজ আপেল ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিন। এর সঙ্গে কুচিয়ে রাখা পুদিনা পাতা, ভাজা জিরে গুঁড়ো এবং আধা চা চামচ চিলি ফ্লেক্স মিশিয়ে নিন। সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে কয়েক মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু টক-ঝাল-মিষ্টি আপেল চাট।
আরও পড়ুন: পুজোর আগে ওজন কমাতে ভাতের বদলে কিনুয়া! জেনে নিন সহজ রেসিপি
আপেল চাট খাওয়ার উপকারিতা কী?
আপেল চাট খেলে শরীরে বেশ কিছু উপকার মিলতে পারে। আপেলে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারে। পাশাপাশি আপেলে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে, এই চাটে ব্যবহৃত লেবুর রস ও পুদিনা স্বাদ বাড়ানোর পাশাপাশি সতেজ অনুভূতি দেয়। তবে চাট মশলা, বিট নুন ও চিলি ফ্লেক্স বেশি ব্যবহার না করাই ভালো, বিশেষ করে যাঁদের উচ্চ রক্তচাপ বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে।
