কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কলারশিপ প্রকল্প দীর্ঘদিন ধরেই আর্থিকভাবে পিছিয়ে থাকা অথচ মেধাবী পড়ুয়াদের পড়াশোনায় সহায়তা করে আসছে। সেই ধরনের অন্যতম একটি প্রকল্প হল শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপ (Sikshashree and Medhashree Scholarship), যা আগের সরকার চালু করেছিল। বর্তমান সরকারও জানিয়েছে, আগে চালু থাকা প্রকল্পগুলি বন্ধ করা হবে না এবং সেই কারণেই এই স্কলারশিপ প্রকল্পও চালু থাকছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করতে হবে এবং কী কী যোগ্যতা ও প্রয়োজনীয় নথি লাগবে— সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে জেনে নিন এই প্রতিবেদনে।
শিক্ষাশ্রী প্রকল্প কাদের জন্য?
শিক্ষাশ্রী প্রকল্পটি মূলত অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের আওতায় পড়ুয়া পঞ্চম থেকে অষ্টম শ্রেণির এসসি (SC) ও এসটি (ST) শিক্ষার্থীদের জন্য চালু রয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে যোগ্য পড়ুয়ারা বছরে ৮০০ টাকা করে আর্থিক সহায়তা পান, যা সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই প্রকল্পে আলাদা করে অনলাইনে আবেদন করার প্রয়োজন হয় না, কারণ আবেদন গ্রহণের প্রক্রিয়া সাধারণত সংশ্লিষ্ট স্কুলের মাধ্যমেই অফলাইনে সম্পন্ন করা হয়।
মেধাশ্রী স্কলারশিপ কাদের জন্য?
অন্যদিকে মেধাশ্রী প্রকল্পটি অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের আওতায় চালু করা হয়েছে এবং এটি শুধুমাত্র পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ওবিসি (OBC) পড়ুয়াদের জন্য প্রযোজ্য। এই স্কলারশিপের আওতায় যোগ্য শিক্ষার্থীরা বছরে ৮০০ টাকা করে আর্থিক সহায়তা পান, যা সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। শিক্ষাশ্রীর মতো এই প্রকল্পেও আলাদা করে অনলাইন আবেদন করতে হয় না, বরং সংশ্লিষ্ট স্কুলের মাধ্যমেই অফলাইনে আবেদন গ্রহণ করা হয়।
শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপ কারা যোগ্য?
শিক্ষাশ্রী এবং মেধাশ্রী স্কলারশিপ আবেদন করতে গেলে অবশ্যই আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে যে কোনও সরকার স্বীকৃত বা সরকারি বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আড়াই লক্ষ টাকার মধ্যে আয় হতে হবে।
- আবেদনকারীর এসসি, এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকতে হবে।
কীভাবে করবেন আবেদন?
শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয় এবং আবেদন প্রক্রিয়া স্কুল থেকেই সম্পন্ন করা যায়, তাই অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। প্রথমে ছাত্র-ছাত্রীদের নিজেদের স্কুল থেকে স্কলারশিপের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে স্কুলের শিক্ষকের কাছে জমা দিতে হবে। আবেদনপত্র যাচাই (Verification) সম্পূর্ণ হলে যোগ্য শিক্ষার্থীদের প্রতি বছর স্কলারশিপের অর্থ দেওয়া হবে। আবেদন করার সময় সাধারণত আবেদনকারীর আধার কার্ডের জেরক্স, কাস্ট সার্টিফিকেটের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স, পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র, বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হতে পারে।
