‘এতদিন কোথায় ছিলেন?’ প্রশ্ন করতেই যুবককে ঘিরে উত্তেজনা, শিয়ালদায় এসএফআই মিছিলে ধুন্ধুমার

সাদিকুল খান, কলকাতাঃ গত ২ অক্টোবর বিরাটীতে এসএফআই ও সিপিআইএমের পথসভায় হামলার অভিযোগ এবং ওই ঘটনায় গ্রেফতার সংগঠনের সদস্য আকাশ করের মুক্তির দাবিতে সোমবার শিয়ালদহ থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল এসএফআই। বিকেলে শিয়ালদহ থেকে মিছিল শুরু হওয়ার পরই উত্তেজনা ছড়ায়। ২ অক্টোবরের ওই পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী দীপ্সিতা ধর, এদিনের মিছিলেও ছিলেন তিনি। অভিযোগ, শিয়ালদহের বিদ্যাপতি সেতুর উপর দিয়ে মিছিল যাওয়ার সময় পাশ দিয়ে যাওয়া এক মোটরসাইকেল আরোহী উস্কানিমূলক মন্তব্য করেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

- Advertisement -

পানিহাটির বাসিন্দা চন্দন নামে ওই যুবক মিছিলের মধ্যে দীপ্সিতা ধরকে উদ্দেশ করে ‘এতদিন কোথায় ছিলেন?’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ। এরপরই এসএফআই সদস্য ও সমর্থকদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই মোটরসাইকেল আরোহীর উপর কয়েকজন চড়াও হন এবং তাঁকে কিল, চড় ও ঘুষি মারা হয়। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যাপতি সেতুর উপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হস্তক্ষেপ করে এবং ওই যুবককে এসএফআই সদস্য ও সমর্থকদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়।

যুবককে মারধরের ঘটনায় পাল্টা অভিযোগ করেছেন সিপিআইএম নেত্রী দীপ্সিতা ধর। তাঁর দাবি, বিরাটীর পথসভায় হামলার ঘটনাতেও পানিহাটি থেকে আরএসএসের লোকজন এসে হামলা চালিয়েছিল এবং এদিনের মিছিলেও গন্ডগোল পাকানোর উদ্দেশ্যে সেখান থেকেই ওই যুবককে পাঠানো হয়েছিল। দীপ্সিতা বলেন, তাঁকে ‘উচিত শিক্ষা’ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও প্রতিবাদ করা হবে। অন্যদিকে, এসএফআই-এর রাজ্য সভাপতি দেবাঞ্জন দে-র দাবি, ওই যুবক ইচ্ছাকৃতভাবে সংগঠনের মহিলা সদস্যদের উত্যক্ত করছিলেন। তাঁর বক্তব্য, মহিলা সদস্যরাই তার প্রতিবাদ করেছেন এবং মিছিলে থাকা অন্যরাও ঘটনার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখান।

- Advertisement -

এই ঘটনার পর অবশ্য কোনও বড় ধরনের বাধা ছাড়াই এসএফআই-এর মিছিল কলেজ স্ট্রিটে পৌঁছয়। বিরাটীর পথসভায় হামলার ঘটনায় গ্রেফতার আকাশ করের মুক্তির দাবিতে কলেজ স্ট্রিটের মোড়ে বেশ কিছুক্ষণ অবরোধ করেন এসএফআই-এর সদস্য ও সমর্থকেরা। এর জেরে এমজি রোডের মতো ব্যস্ত রাস্তায় যানজটের সৃষ্টি হয় এবং সমস্যায় পড়েন বহু মানুষ। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর সেখানেই পথসভা করে কর্মসূচি শেষ করেন এসএফআই সদস্যরা।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News