Sanju Das, কলকাতাঃ ভারতে নতুন Audi Q3 লঞ্চের আগেই গাড়িটির ভ্যারিয়েন্ট ও ফিচার সংক্রান্ত বিস্তারিত তথ্য সামনে এসেছে। প্রিমিয়াম এই SUV-টি Nova এবং Zenith—এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। উভয় মডেলেই থাকছে ২.০ লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন। আগামী ১৬ অক্টোবর গাড়িটির দাম ঘোষণা করার কথা রয়েছে। এরপর অল্প সময়ের মধ্যেই ডেলিভারি শুরু হতে পারে। BMW X1 LWB-র অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসতে চলা নতুন Audi Q3-তে দুই ভ্যারিয়েন্টের মূল পার্থক্য দেখা যাবে ফিচার ও সরঞ্জামের ক্ষেত্রে। Nova-তে তুলনামূলকভাবে কম ফিচার থাকলেও Zenith-এ মিলতে পারে আরও উন্নত আলো, প্রিমিয়াম অডিও সিস্টেম এবং অতিরিক্ত নিরাপত্তা প্রযুক্তি। চলুন দেখে নেই ফিচার ও স্পেসিফিকেশন কি কি আছে।
Audi Q3 Nova v/s Audi Q3 Zenith কী কী ফিচার মিলবে?
১) Audi Q3 Nova: Audi Q3-এর Nova হল তুলনামূলকভাবে কম ফিচারযুক্ত ভ্যারিয়েন্ট। তবে এতে প্রিমিয়াম গাড়ির প্রয়োজনীয় একাধিক সুবিধা রাখা হয়েছে। বাইরে থাকছে ১৮ ইঞ্চির অ্যালয় হুইল, LED হেডল্যাম্প প্যাকেজ, আলোকিত Audi লোগো এবং পিছনে LED টেলল্যাম্প প্যাকেজ। পাশাপাশি, পাওয়ার-অ্যাডজাস্টেবল সাইড মিররের সঙ্গে মেমরি ফাংশনও পাওয়া যাবে। কেবিনে থাকছে অ্যালুমিনিয়াম ফিনিশের ইন্টেরিয়র উপাদান এবং ১০টি স্পিকারযুক্ত Audi সাউন্ড সিস্টেম। যাঁরা প্রিমিয়াম ব্র্যান্ডের পরিচিতি, শক্তিশালী ইঞ্জিন এবং অল-হুইল ড্রাইভের সুবিধা চান, তাঁদের কাছে Nova একটি বিকল্প হতে পারে।
২) Audi Q3 Zenith: Nova-র উপরে অবস্থান করছে Audi Q3-এর Zenith ভ্যারিয়েন্ট, যেখানে একাধিক উন্নত প্রযুক্তি ও আরামদায়ক ফিচার যুক্ত করা হয়েছে। আলো ব্যবস্থার ক্ষেত্রে থাকছে ডিজিটাল ম্যাট্রিক্স হেডলাইট, ডিজিটাল লাইট সিগনেচার এবং হেডলাইট ওয়াশার। কেবিনে মিলবে সাদা কাঠের ফিনিশের ইন্টেরিয়র উপাদান এবং চামড়ায় মোড়ানো টুইন-স্পোক স্টিয়ারিং হুইল। পাশাপাশি, দ্রুত চার্জিংয়ের জন্য থাকছে উচ্চ ক্ষমতাসম্পন্ন USB-C পোর্ট। অডিও ব্যবস্থায় Nova-র ১০ স্পিকারের পরিবর্তে Zenith-এ পাওয়া যাবে ১২ স্পিকারযুক্ত Sonos সাউন্ড সিস্টেম। এছাড়া রয়েছে হেড-আপ ডিসপ্লে (HUD), যার মাধ্যমে গাড়ির গতি-সহ প্রয়োজনীয় তথ্য চালকের দৃষ্টিসীমার কাছাকাছি দেখা যায়। নিরাপত্তার জন্য এই ভ্যারিয়েন্টে থাকছে মোট ন’টি এয়ারব্যাগ এবং Proactive Occupant Protection ব্যবস্থা।
কোন ভ্যারিয়েন্ট কেনা বেশি যুক্তিযুক্ত?
Audi Q3-এর Nova ভ্যারিয়েন্টে রয়েছে প্রয়োজনীয় প্রিমিয়াম ফিচার, ১৮ ইঞ্চির অ্যালয় হুইল, LED আলো এবং ১০ স্পিকারের অডিও সিস্টেম। অন্যদিকে, Zenith ভ্যারিয়েন্টে অতিরিক্ত প্রযুক্তির পাশাপাশি মিলবে উন্নত ডিজিটাল ম্যাট্রিক্স হেডলাইট, হেড-আপ ডিসপ্লে, ন’টি এয়ারব্যাগ এবং ১২ স্পিকারের Sonos সাউন্ড সিস্টেম। তাই তুলনামূলক কম খরচে Audi-র প্রিমিয়াম SUV কিনতে চাইলে Nova বিবেচনা করতে পারেন ক্রেতারা। আর যাঁরা উন্নত আলো, অতিরিক্ত নিরাপত্তা সরঞ্জাম এবং আরও সমৃদ্ধ কেবিন চান, তাঁদের কাছে Zenith আকর্ষণীয় বিকল্প হতে পারে। তবে দুই ভ্যারিয়েন্টের দাম এখনও প্রকাশ করা হয়নি। আগামী ১৬ অক্টোবর দাম ঘোষণার পরই কোন মডেলে কত খরচে বেশি সুবিধা পাওয়া যাবে, তা স্পষ্ট হবে।
