বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে আয়ুষ্মান ভারতের আবেদনপত্র, কারা পাচ্ছেন? কী করবেন?

-

বিগত সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের বদলে রাজ্যে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Yojana) চালুর সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল নতুন বিজেপি সরকার। এই প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। সরকার জানিয়েছে, প্রায় সাড়ে ছয় কোটি রাজ্যবাসীর হাতে এই স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হবে। আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে এবার বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান ভারতের আবেদনপত্র বা ফর্ম পৌঁছে দেওয়া শুরু হয়েছে। অনেকেই ইতিমধ্যে এই ফর্ম পাচ্ছেন। তবে কারা এই ফর্ম পাচ্ছেন, এতে কী কী তথ্য রয়েছে এবং এরপর কী করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে।

আয়ুষ্মান ভারতের ফর্ম যাচ্ছে বাড়ি বাড়ি (Ayushman Bharat Yojana)

আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য যাঁরা যোগ্য, তাঁদের বাড়িতে সরকারের পক্ষ থেকে আবেদনপত্র পৌঁছে দেওয়া শুরু হয়েছে। আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রত্যেক সদস্যের নামে আলাদা ফর্ম দিচ্ছেন। এই ফর্মে আগে থেকেই কিছু প্রয়োজনীয় তথ্য লেখা থাকছে, ঠিক যেমন ভোটার তালিকা সংশোধনের এসআইআর (SIR) এনুমারেশন ফর্মে দেখা যায়। পাশাপাশি কয়েকটি তথ্যের জায়গা ফাঁকা রাখা হয়েছে, যা আবেদনকারীকে নিজে পূরণ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। ফর্ম নিয়ে কোনও সমস্যা বা প্রশ্ন থাকলে স্থানীয় বিধায়কের কার্যালয়ের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।

- Advertisement -

কী কী তথ্য দিতে হবে ফর্মে? 

আবেদনপত্রে আগে থেকেই আবেদনকারীর নাম, রেশন কার্ড নম্বর, আধার নম্বর, মোবাইল নম্বর এবং জন্মতারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য ছাপা থাকছে। যদি ঠিকানা উল্লেখ না থাকে, তাহলে সেটি আবেদনকারীকে নিজে লিখে পূরণ করতে হবে। এছাড়াও পরিবারের মোট সদস্য সংখ্যা, ভোটার কার্ডের তথ্য, প্যান নম্বর এবং বার্ষিক আয়ের তথ্য দিতে হবে। কেউ যদি আয়কর প্রদান করেন, তাহলে সেই তথ্যও ফর্মে উল্লেখ করতে হবে। ফর্মে তিন ধরনের রেশন কার্ডের বিকল্প রাখা হয়েছে—অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকার পরিবার (SPHH) এবং অগ্রাধিকার পরিবার (PHH)। জানা যাচ্ছে, মূলত এই তিনটি রেশন কার্ড বিভাগের অন্তর্ভুক্ত পরিবারগুলির কাছেই এই আবেদনপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। তবে ৭০ বছর বা তার বেশি বয়সের সব রাজ্যবাসী আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। তাঁদের ক্ষেত্রে আর্থিক অবস্থার ভিত্তিতে কোনও বাছাই করা হবে না।

ফর্ম না পেলে কী করবেন? 

যাঁরা ফর্ম পাবেন না, তাঁদের সবার আগে পুরসভা ও গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। যদি কেউ সরকারের দেওয়া শর্তগুলি পূরণ করতে না পারেন, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে তাঁরা যে একেবারে বঞ্চিত হবেন, এমনটা নয়। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের রেজিনগর থেকে ঘোষণা করেন, যে সমস্ত পশ্চিমবঙ্গবাসী আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে থাকবেন না, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় আবেদন করতে পারবেন। তাদেরকেও দেওয়া হবে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা। তবে কবে ও কিভাবে এই প্রকল্পে আবেদন করা যাবে বা এর জন্য কী কী শর্ত পূরণ করতে হবে, সে সম্পর্কে সরকারের তরফে এখনও বিশদে কিছু জানানো হয়নি।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News