দেশজুড়ে ছাত্র আন্দোলনকে ঘিরে যখন রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত, তখনই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করলেন সদ্য তৃণমূল ছেড়ে আসা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। তাঁর ঘোষণা অনুযায়ী, নেতাজির আদর্শকে সামনে রেখে ‘আজাদ হিন্দ পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল তৈরি করা হবে। এই দলের মূল লক্ষ্য হবে বিশেষ করে জেন-জি ও যুব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে নেতাজির ভাবধারায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। চন্দ্র বসু নিজেই জানিয়েছেন, নতুন দলের মেন্টর হিসেবেও তিনি দায়িত্ব পালন করবেন।
নেতাজির আদর্শে নতুন রাজনৈতিক দল
নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক ইতিহাসের সঙ্গে যুক্ত ১৯৪৩ সালের ২১ অক্টোবরের ‘আজাদ হিন্দ সরকার’ গঠনের ঘোষণাকেই নতুন রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত করেছেন তাঁর প্রপৌত্র চন্দ্র বসু। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী ২১ অক্টোবর থেকেই ‘আজাদ হিন্দ পার্টি’-র কর্মসূচি শুরু হবে। দলের কার্যক্রমের সূচনাও হবে নেতাজির জন্মস্থান ওড়িশার কটক শহর থেকে। চন্দ্র বসুর দাবি, এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও নেতাজির আদর্শ অনুযায়ী স্বাধীনভাবে কাজ করার সুযোগ তিনি পাননি।
আসলে ২০১৬ সালে বিজেপিতে যোগদান করে দীর্ঘ ৭ বছর তিনি সেই দলে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি আর্জি জানিয়েছিলেন, নেতাজির আদর্শ মেনে কাজ করতে চান। তবে সেই আশা তাঁর পূরণ হয়নি। পরবর্তী সময়ে মমতার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন চন্দ্র বসু। তবে এবার নির্বাচনে ভরাডুবির পর তিনি নিজেই দলনেত্রীকে পদত্যাগপত্র পাঠিয়ে তৃণমূল থেকে সরে দাঁড়ান। তাঁর বক্তব্য, “বিজেপিতে যখন ছিলাম তখনও নেতাজির আদর্শ অনুযায়ী কাজ করতে পারিনি। আর তৃণমূল রাজ্যে হারার পর জাতীয় স্তরে করার কিছুই নেই। কিন্তু কাজ তো করতে হবে। তাই নতুন রাজনৈতিক দলের ভাবনা।”
চন্দ্র বসু আরও জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল গঠনের ভাবনা তাঁর কাছে হঠাৎ করে আসেনি। এর আগেও নেতাজির আদর্শে কাজ করার লক্ষ্যে ‘আজাদ হিন্দ মোর্চা’ গড়ার পরিকল্পনা করেছিলেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার আগে এই বিষয়ে নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছিলেন বলে দাবি চন্দ্র বসুর। তাঁর বক্তব্য অনুযায়ী, তখন মোদী তাঁকে বলেছিলেন, দেশে ইতিমধ্যেই প্রায় ১৬০০টি রাজনৈতিক দল রয়েছে, তাই নতুন দল গড়ার বদলে একসঙ্গে কাজ করাই ভালো। সেই প্রস্তাবের পরই তিনি বিজেপিতে যোগ দেন। তবে পরবর্তীকালে দলের সঙ্গে মতপার্থক্যের কারণে বিজেপি ছাড়েন তিনি। এরপর তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও সেখানেও প্রত্যাশামতো কাজ করার সুযোগ পাননি বলে দাবি তাঁর। সেই অভিজ্ঞতার পরই এবার নেতাজির আদর্শকে সামনে রেখে ‘আজাদ হিন্দ পার্টি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন চন্দ্র বসু।
