১০১ চুক্তি পর্যালোচনা! বাংলাদেশকে কড়া বার্তা ভারতের

সাদিকুল খান, কলকাতাঃ এবার বাংলাদেশের সঙ্গে চুক্তি পর্যালোচনার বিষয়টি নিয়ে কড়া বার্তা দিল ভারত। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক নতুন করে পর্যালোচনা করা হবে এবং দ্রুত তার ফলাফল জানানো হবে। সেই বক্তব্যের পরই এবার প্রতিবেশী দেশকে সতর্ক করল নয়াদিল্লি। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে ভারত।

- Advertisement -

বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত?

গত সপ্তাহেই বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ স্পষ্ট জানিয়েছিলেন, পূর্বতন সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক নতুন করে পর্যালোচনা করছে তারেক রহমানের সরকার। এই বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানান, বাংলাদেশ সরকারের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারতকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে বাংলাদেশ সত্যিই এমন কোনও পদক্ষেপ নিলে ভারত নিজের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও স্পষ্ট করে দেন তিনি। রণধীর জয়সওয়ালের কথায়, “আমরা এই বিষয়ে সংবাদমাধ্যমে কিছু খবর দেখেছি। তবে বাংলাদেশ সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে এমন কিছু জানানো হয়নি এখনও। ভারত অবশ্যই নিজস্ব স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা-সহ একাধিক ক্ষেত্রে ভারতের সঙ্গে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে ভারতের তরফে প্রায় ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয় বলেও জানা যায়। এবার সেই সময় ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতাগুলিই নতুন করে পর্যালোচনা করছে বাংলাদেশের বর্তমান সরকার।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News