বাংলাদেশে চরম বিদ্যুৎ সংকট, এবার বিদ্যুৎ রপ্তানি কমাল আদানি পাওয়ার

-

সাদিকুল খান, কলকাতাঃ বাংলাদেশে বর্তমানে অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ সংকট। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ধার করে ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ কিনেছিল। কিন্তু সেই বিদ্যুতের পুরো টাকা এখনও পরিশোধ করতে পারেনি বাংলাদেশ। ফলে বকেয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা, যার প্রভাব পড়ছে দেশের বিদ্যুৎ সরবরাহেও। দিনের বিভিন্ন সময়ে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। একদিকে বাড়ছে বিদ্যুতের চাহিদা, অন্যদিকে সেই তুলনায় উৎপাদন ও সরবরাহের ঘাটতি থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। এরই মধ্যে বাংলাদেশকে আরও চাপের মুখে ফেলেছে ভারতের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা আদানি পাওয়ার। মোটা অঙ্কের বকেয়া অর্থ এখনও না মেলায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কমিয়ে দিয়েছে আদানি পাওয়ার বলে জানা গিয়েছে।

বাংলাদেশকে বড় ধাক্কা আদানির!

বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে লোডশেডিংয়ের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রাজধানী ঢাকার মতো শহরেও ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এরই মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তিতে উল্লেখিত পরিমাণের তুলনায় কম বিদ্যুৎ রপ্তানি করেছে আদানি পাওয়ার। বিষয়টি নিয়ে কারণ জানতে চেয়ে ভারতীয় সংস্থাটির কাছে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। পাশাপাশি চুক্তি অনুযায়ী বাংলাদেশে আরও বেশি পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করার অনুরোধও জানানো হয়েছিল। সেই চিঠির জবাব গতকাল, অর্থাৎ বুধবার, দিয়েছে আদানি পাওয়ার।

- Advertisement -
আরও পড়ুন: স্কুলে ঢুকলেই অভিভাবকের ফোনে নোটিফিকেশন, বেরোনোর খবরও মিলবে! রাজ্যে অভিনব উদ্যোগ

আদানি পাওয়ারের তরফে জানানো হয়েছে, পরিবহণ ব্যবস্থায় একাধিক সীমাবদ্ধতা এবং রেলপথে যানজটের কারণে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে প্রয়োজনীয় পরিমাণ কয়লা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। কয়লার সরবরাহ কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হয়েছে। সংস্থার দাবি, বাংলাদেশে সন্ধ্যার সময় যাতে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সমস্যা না হয়, তা নিশ্চিত করতে দিনের বেলায় তুলনামূলক কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আর এর ফলেই দিনের বিভিন্ন সময়ে বাংলাদেশে বারবার লোডশেডিংয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে।

যদিও আদানির সংস্থাটির তরফে একেবারে খোলাখুলি জানানো হয়েছে, আগামী দিনে সব ঠিকঠাক চললে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। চাহিদার কথা মাথায় রেখে ওপার বাংলায়, যথাযথ বিদ্যুৎ সরবরাহ করবে ভারতীয় সংস্থাটি। কিন্তু এমন প্রতিশ্রুতি সত্ত্বেও অনেকেই মনে করছেন বাংলাদেশ একটা মোটা টাকার বকেয়া ঝুলিয়ে রাখায় বিদ্যুৎ রপ্তানি কমিয়ে দিয়ে ওপার বাংলাকে একপ্রকার ধাক্কা দিল ভারতীয় সংস্থা!

Breaking News