ভারত থেকে ২.৩ টন টিয়ার গ্যাস কিনল বাংলাদেশ, যাবে সেনাবাহিনীর কাছে

-

বড় জমায়েত নিয়ন্ত্রণ কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ২.৩ টন টিয়ার গ্যাসের শেল আমদানি করেছে বাংলাদেশ। জানা গিয়েছে, এই টিয়ার গ্যাস এসেছে প্রতিবেশী দেশ ভারত থেকে। বাংলাদেশের সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ২.৩ টন টিয়ার গ্যাসের শেল বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর থেকে সেগুলি যশোর সেনানিবাসে পাঠানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারত থেকে ২.৩ টন টিয়ার গ্যাস কিনল বাংলাদেশ

বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সংস্থার কাছ থেকে টিয়ার গ্যাস কেনার পরিকল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। সেই চুক্তি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টিয়ার গ্যাসের শেল বাংলাদেশে পাঠানো হয়েছে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিনও চালানটি বন্দর থেকে যশোর সেনানিবাসে পৌঁছনোর বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সংস্থা নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড বিশেষ চুক্তির আওতায় ১৪৫টি কাঠের বাক্সে মোট ২.৩ টন টিয়ার গ্যাসের শেল বাংলাদেশে পাঠিয়েছে। বেনাপোল বন্দরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চালানটি যশোর সেনানিবাসে পৌঁছেছে। এরপর ৯ আগস্ট ঢাকায় চালানটি পৌঁছনোর কথা রয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ভারত-বাংলাদেশ সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। সেই পরিস্থিতির প্রভাব দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উপরও পড়েছিল। তবে বর্তমানে বাংলাদেশের তরফে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি অব্যাহত রয়েছে। ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

Breaking News