সাদিকুল খান, কলকাতাঃ দেশজুড়ে ফাঁদ পেতেছিল একটি সাইবার অপরাধী চক্র। শেষ পর্যন্ত বাঁকুড়ার জঙ্গলমহলে সেই চক্রের পর্দাফাঁস করল জেলা পুলিশ। দেশজুড়ে প্রায় ৭২ কোটি টাকার সাইবার প্রতারণার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক ব্যাঙ্কের পাসবুক, মোবাইল ফোন, ট্যাব, বিভিন্ন ধরনের স্ট্যাম্প এবং প্রচুর আধার কার্ড উদ্ধার করেছে বাঁকুড়া জেলা পুলিশ। সোমবার সাংবাদিক বৈঠক করে এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানান বাঁকুড়ার পুলিশ সুপার পিভিজি সতীশ।
৭২ কোটি টাকার সাইবার প্রতারণা
সম্প্রতি সাইবার ক্রাইম ন্যাশনাল পোর্টালের তরফে বাঁকুড়া জেলাকে সাইবার প্রতারণার একটি ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়। তদন্তে জানা যায়, দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কোটি কোটি টাকার সাইবার প্রতারণার একটি অংশের টাকা বাঁকুড়া জেলার একাধিক এটিএম থেকে লেনদেন করা হয়েছে। বিষয়টি সামনে আসার পরই বাঁকুড়া জেলা পুলিশকে সতর্ক করে সাইবার ক্রাইম ন্যাশনাল পোর্টালের তদন্তকারীরা। এরপরই এই চক্রের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করে জেলা পুলিশ।
ধৃতদের কাছ থেকে কী কী উদ্ধার করেছে পুলিশ?
সতর্কবার্তা পাওয়ার পরই এই চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে তৎপর হয়ে ওঠে বাঁকুড়া জেলা পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ ও হিড়বাঁধ ব্লকের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে এই অপরাধ চক্রের জাল। এরপর অভিযান চালিয়ে রানিবাঁধ ব্লকের বিভিন্ন গ্রাম থেকে চার জন, হিড়বাঁধ ব্লক থেকে দু’জন এবং ওড়িশার বালেশ্বরের এক বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে সাইবার প্রতারণায় ব্যবহৃত ৩৪টি ব্যাঙ্ক পাসবুক, ১৩টি এটিএম কার্ড এবং ৯টি চেকবই উদ্ধার করা হয়েছে।
ধৃতদের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স মিলিয়ে মোট ১৪টি পরিচয়পত্র, ৮টি মোবাইল ফোন, ১টি ট্যাব, ৪২টি সিম কার্ড ও ৩টি ইউপিআই স্ক্যানার, ১৫টি ফ্ল্যাশ স্ট্যাম্প উদ্ধার হয়। ধৃতদের জেরা করে প্রতারণার ধরন যেমন বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা, তেমনই এই সাইবার প্রতারণা চক্রে আর কে বা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
