বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা বাড়ানোর ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার। এবার বিজেপি সরকারের প্রথম বাজেটে সেই ঘোষণাই আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাজেট অনুযায়ী, বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের সামাজিক সুরক্ষা আরও জোরদার করতে মাসিক ভাতায় ৫০০ টাকা করে বৃদ্ধি করা হবে। এর ফলে তৃণমূল সরকারের আমলে যেখানে বার্ধক্য ও বিধবা ভাতা ছিল মাসে ১,০০০ টাকা, এখন থেকে সেই ভাতা বেড়ে হবে ১,৫০০ টাকা। একইভাবে, বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এতদিন মাসিক ১,০০০ টাকা ‘মানবিক ভাতা’ পেলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে তাঁরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
Bidhoba Bhata Bardhokyo Bhata
পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে বর্তমানে প্রায় ৬০ লক্ষ বিশেষভাবে সক্ষম মানুষ রয়েছেন। নতুন বাজেট ঘোষণার ফলে এই প্রকল্পের আওতাভুক্ত উপভোক্তারা বাড়তি আর্থিক সহায়তা পাবেন। এতদিন তাঁরা মাসে ১,০০০ টাকা করে ‘মানবিক ভাতা’ পেতেন। নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেই ভাতা ৫০০ টাকা বাড়িয়ে মাসিক ১,৫০০ টাকা করা হয়েছে। ফলে একজন উপভোক্তা বছরে মোট ১৮,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন, যা তাঁদের দৈনন্দিন জীবনযাপন ও প্রয়োজনীয় খরচ সামলাতে কিছুটা হলেও সহায়ক হবে।
রাজ্যের বিধবা মহিলা, প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা বাজেটে করা হলেও, এখনও পর্যন্ত এই বর্ধিত ভাতা কবে থেকে কার্যকর হবে বা কোন মাস থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে জমা পড়বে, সে বিষয়ে সরকার নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করেনি। সাধারণত বাজেটে ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দফতরের তরফে পৃথক সরকারি নির্দেশিকা (নোটিফিকেশন) জারি করা হয়। সেই নির্দেশিকা প্রকাশের পরই ভাতা বৃদ্ধির কার্যকর হওয়ার তারিখ এবং টাকা কবে থেকে অ্যাকাউন্টে জমা হবে, তা স্পষ্ট হবে।
প্রথম দফার ‘জনকল্যাণ শিবির’-এ অনেকেই বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারেননি। তাঁদের জন্য স্বস্তির খবর, আগামীতে আয়োজিত ‘জনকল্যাণ শিবির’-এ নতুন করে আবেদন করার সুযোগ থাকবে। সেখানে উপভোক্তাদের আবেদনপত্র দেওয়া হবে, যা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিসহ জমা দেওয়া যাবে। শুধু তাই নয়, আবেদনপত্র পূরণে কোনও সমস্যা হলে শিবিরে উপস্থিত সরকারি কর্মীরাই আবেদনকারীদের প্রয়োজনীয় সহায়তা করবেন, যাতে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
কবে থেকে উপভোক্তারা অ্যাকাউন্টে পাবেন ভাতা?
রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, আগামী দু’মাসের মধ্যেই বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা আর্থিক অনুদান ও ভাতা বিতরণের কাজ শুরু করার চেষ্টা করা হবে। একই সঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষও জানিয়েছেন, খুব শিগগিরই বর্ধিত হারে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা দেওয়া শুরু হবে। তবে জুন মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে আগের হার অনুযায়ীই ভাতার টাকা জমা হয়েছে। নতুন হারে অর্থ পাওয়ার জন্য এখন সরকারি নির্দেশিকা এবং ভাতা কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশের অপেক্ষা করতে হবে।
