ভুয়ো চিকিৎসকের কাছ থেকে ডেথ সার্টিফিকেট! গ্রেফতার তৃণমূলের দুই কাউন্সিলর-সহ ৩

সাদিকুল খান, কলকাতাঃ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ভুয়ো চিকিৎসকের কাছ থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগে দুই তৃণমূল কাউন্সিলর-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র খবর ধৃতদের মধ্যে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের ঘনিষ্ঠ এক নেতাও রয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ডেথ সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে কী ধরনের অনিয়ম হয়েছিল এবং এই ঘটনায় আর কারা জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

- Advertisement -

বারুইপুরে ভুয়ো ডেথ সার্টিফিকেট কাণ্ডে গ্রেফতার ৩

বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানিয়েছেন, কিছুদিন আগে বারুইপুরে তিনজন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশ জানতে পারে, পুরসভার একাধিক কাউন্সিলর ওই ভুয়ো চিকিৎসকদের কাছ থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করাতেন বলে অভিযোগ। এরপর এই ঘটনায় বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার তৃণমূলের দুই কাউন্সিলর-সহ এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

কীভাবে সামনে এল ডেথ সার্টিফিকেট জালিয়াতির ঘটনা?

জানা গিয়েছে, পুলিশের হাতে ধৃত দুই তৃণমূল কাউন্সিলরের নাম আশিস দেবরায় এবং বিকাশ দত্ত। তাঁদের পাশাপাশি গ্রেফতার হওয়া আরেক নেতার নাম জয়দেব সাহা। যদিও সূত্রপাতটা হয়েছিল তিন ভুয়ো চিকিৎসককে কেন্দ্র করে। জানা গিয়েছে, ওই অভিযুক্ত তিন ভুয়ো চিকিৎসক দীর্ঘদিন ধরে নিজেদের চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা করার পাশাপাশি বিভিন্ন মেডিকেল সার্টিফিকেট দিতেন। সেটাও আবার টাকার বিনিময়ে।

- Advertisement -

বিজেপির অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ

বারুইপুরের কয়েকজন বিজেপি নেতার অভিযোগ, তিন ভুয়ো চিকিৎসকের মাধ্যমে পুরসভার তৃণমূল কাউন্সিলররা মৃত ব্যক্তিদের নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু করাতেন। তাঁদের দাবি, এই প্রক্রিয়ার আড়ালে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছিল। এই ঘটনায় বিজেপির তরফে অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং তৃণমূলের দুই কাউন্সিলর-সহ এক নেতাকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে। তবে ডেথ সার্টিফিকেট সংক্রান্ত অনিয়মে অভিযুক্তদের ভূমিকা কী ছিল, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News